ফ্যাবিও ক্যাপেলোর সবচেয়ে বড় ভরসার নাম হওয়ার কথা ছিল এই দুজনের। হা-হতোস্মি, বিশ্বকাপ যখন দুয়ারে, ইংল্যান্ড কোচের এখনকার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম জন টেরি আর রিও ফার্ডিনান্ড!কপালটাই আসলে খারাপ ক্যাপেলোর। বাছাইপর্বে কী দুর্দান্ত খেলল ইংল্যান্ড। অনেকেই যখন বলাবলি করছে, ১৯৬৬-এর পর আরেকটি বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড, তখনই একের পর এক ঝামেলা বেনামি চিঠির মতো হাজির হচ্ছে ক্যাপেলোর ঠিকানায়।আপাতত ডিফেন্সে নির্ভরতার প্রতীক দুই সেন্টার ব্যাক টেরি আর ফার্ডিনান্ডকে নিয়েই যত দুশ্চিন্তা। পরকীয়া-কাণ্ডে টেরিকে তো অধিনায়কের পদ থেকেই সরে যেতে হলো। ক্লাবের অধিনায়ক অবশ্য এখনো তিনিই। কিন্তু ওয়েইন ব্রিজের সাবেক প্রেমিকা ভ্যানেসা পেরনসেলের সঙ্গে তাঁর প্রেমের খবর চাউর হওয়ার পর থেকেই মাঠে টেরিকে বড্ড নড়বড়ে দেখাচ্ছে। রক্ষণের বিশ্বস্ত সৈনিক আর বলা যাচ্ছে না তাঁকে। ইংলিশ প্রিমিয়ার লিগের গত ম্যাচে টটেনহামের কাছে ১-২ গোলে চেলসির পরাজয়ের বড় দায় তো তাঁরই।তিন মিনিটের ব্যবধানে দুটো হলুদ কার্ড দেখে ওই ম্যাচে চেলসিকে দশ জনের দল বানিয়ে দিয়েছেন টেরি। যে ম্যাচে হেরে শিরোপার স্বপ্নে ৬ রিখটার স্কেলের ভূমিকম্প হয়ে গেছে। কোচ কার্লো আনচেলত্তিকে তাই ‘ও দুর্দান্ত খেলছে’ জাতীয় সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি এও বলতে হলো, ডিফেন্ডারদের যে ঠান্ডা মেজাজ জরুরি সেটাও হারিয়ে ফেলছেন টেরি, ‘আমি নিজেও তো একসময় খেলোয়াড় ছিলাম। আমি তাই জানি, মাঝে মাঝে খেলোয়াড়েরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা যেকোনো খেলোয়াড়ের বেলায় হতে পারে।’শুধু মেজাজ নয়, সমালোচকেরা বলছেন, টেরি আসলে হারিয়ে ফেললেন তাঁর ধারও। অতি সাধারণ লম্বা পাসগুলো ঠিকমতো বুঝে উঠতে পারছেন না, টার্ন নিতে সমস্যা হচ্ছে, নিজের দোষে হ্যান্ডবল এবং মাঝারি মানের ডিফেন্ডিং—এসবের পরও আনচেলত্তি যখন বলছেন, ‘টেরির মৌসুমটা দুর্দান্ত যাচ্ছে’, বুঝে নিতেই হবে, এই ‘দুর্দান্ত’র মানে আসলে অন্য কিছু।হাতে খুব বেশি সময় নেই। টেরি আবার নিষিদ্ধ হয়ে আছেন রোববারের লিগ ম্যাচে। ফলে লিগে আর দুটো এবং এফএ কাপের ফাইনাল—এই তিনটি ম্যাচ পাচ্ছেন ক্যাপেলোকে সন্তুষ্ট করার জন্য। না হলে গত বিশ্বকাপের ‘তারকা একাদশে’ ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধির ভাগ্যে কী ঘটে কে জানে!এবার ফার্ডিনান্ডের প্রসঙ্গে আসা যাক। সেন্টার ব্যাকে টেরির সঙ্গী ফার্ডিনান্ড পূর্বসূরির কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ডটাই শুধু নেননি, কিছুটা দুঃসময়ও বোধ হয় চলে এসেছে হাত ধরাধরি করে। তিনটি বিশ্বকাপ আর জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বলেই ক্যাপেলো অধিনায়ক হিসেবে পছন্দ করেছিলেন তাঁকে। সেই ফার্ডিনান্ডকে মাঠের চেয়ে ডাক্তারদের কাছেই ছুটতে হচ্ছে বেশি। এবার লিগে ম্যাচ খেলেছেন মাত্র ১১টি।ক্যাপেলোকে তাই দুজনের বিকল্প নিয়েও ভাবতে হচ্ছে। ইতালিয়ান কোচের কপালে প্রায় সব সময়ই ভাঁজ থাকে। সেই ভাঁজের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে! ওয়েবসাইট।