এখন পাকিস্তানও ফেবারিট
‘আমরা ফেবারিট নই।’ বিশ্বকাপের মতো আসরে সবচেয়ে ফেবারিট দলটিও প্রায়ই এ ধরনের মন্তব্য করে। অহেতুক নিজেদের ফেবারিট বলে চাপটাপ নেওয়ার কী দরকার? কিন্তু পাকিস্তান সেই পথে নেই। বরাবরই উল্টো রথে হেঁটেই বিশ্বজয়ের চেষ্টায় মত্ত দলটি বলছে, ‘আমাদের ফেবারিট বলুন!’বিশ্বকাপের আগে ক্রিকেটবোদ্ধাদের ফেবারিটের তালিকায় পাকিস্তানের নাম এসেছে অনেক পরে। অনেকের তালিকায় পাকিস্তান নেই। বেশির ভাগই বলছেন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হয়ে আসা ইংল্যান্ডের কথাও বলেছেন কেউ কেউ। জহির আব্বাসের মতো সাবেকরাও ভরসা করতে পারেননি নিজ দলের ওপর।করবেন কী করে, পাকিস্তান দল যে সরলরেখায় হাঁটে না কখনো। বিশ্বকাপের দিন কয়েক আগে ঠিক হয় অধিনায়ক আফ্রিদি নাকি মিসবাহ! বিশ্বকাপে কী কাণ্ড করে আফ্রিদির দল, সেটা দেখার জন্য অনেকে বসে ছিলেন। গত ম্যাচে শ্রীলঙ্কাকে তাদের মাঠেই হারিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। অধিনায়ক আফ্রিদি তাই বলেই ফেললেন, এবার পাকিস্তানকে ফেবারিট বলাই উচিত।পাকিস্তানের ওপর খুব একটা ভরসা ছিল না ইমরান খানেরও। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক অবশ্য এখন আশা দেখছেন। তবে ইমরানের অভিমত, ইউনুস খান আর মিসবাহ-উল হককে ব্যাটিং-অর্ডারে এক ধাপ পদোন্নতি দেওয়া উচিত। চার-পাঁচ নম্বরের বদলে খেলানো উচিত তিন-চারে, ‘ওরা আমাদের সেরা দুই ব্যাটসম্যান। ওদের ওপরেই খেলানো উচিত। যুদ্ধে কিন্তু সামনে থেকেই লড়তে হয়।’ ওয়েবসাইট।