এখন বছরটাই শেষ গের
আশা করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টকে চ্যালেঞ্জ জানাবেন। টাইসন গের প্রস্তুতিটাও ছিল সে রকম। জুনের শুরুতে বছরের সেরা সময়ে (৯.৭৯ সেকেন্ড) দৌড়েছিলেন ১০০ মিটার (পরে রেকর্ডটি ভেঙেছেন আসাফা পাওয়েল)। কিন্তু নিতম্বের চোট শেষ করে দিয়েছে তাঁর সেই স্বপ্ন। বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের ১০০ মিটারের ট্রায়ালের সেমিফাইনাল থেকে সরে দাঁড়াতে। আর এখন ছিটকে পড়লেন সারা বছরের জন্যই।গত মঙ্গলবার অস্ত্রোপচার হয়েছে গের ডান নিতম্বে। অস্ত্রোপচার সফল হলেও ট্র্যাকে ফিরে অনুশীলন শুরু করতে কমপক্ষে ৬-৯ সপ্তাহ সময় লাগবে। গের ম্যানেজার মার্ক ওয়েটমোর জানিয়েছেন, ‘অস্ত্রোপচার নিয়ে ডাক্তার পুরোপুরি সন্তুষ্ট এবং তাঁর বিশ্বাস, আগামী হেমন্তেই সে (গে) স্বাভাবিক অনুশীলন শুরু করতে পারবে। এটা হবে ২০১২ অলিম্পিকের প্রস্তুতি।’এ বছর আর কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া হচ্ছে না ২০০৯ টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলজয়ী স্প্রিন্টারের। ২৯ বছর বয়সী গের চোখ এখন লন্ডন অলিম্পিকে। জিততে চান অধরা অলিম্পিক পদক। রয়টার্স।