এখন বিস্ফোরণের অপেক্ষা
হোটেল লিফটের উল্টো দিকে একটা ব্যানার টাঙানো। ব্যানারে বড় বড় করে লেখা—রেডি টু এক্সপ্লোড; বিস্ফোরণের জন্য তৈরি। এ কথাটাই সংবাদ সম্মেলনে একটু অন্যরকমভাবে বললেন খালেদ মাহমুদ, ‘আমার হাতে বারুদ আছে, প্ল্যান আছে। এখন বিস্ফোরণের অপেক্ষা।’বিস্ফোরণের অপেক্ষার কথাই কাল সংবাদ সম্মেলন করে জানাল এনসিএলের ঢাকা বিভাগীয় দল ‘ঢাকা ডায়নামাইটস’। সঙ্গে নিজেদের কোচ, অধিনায়ক, পৃষ্ঠপোষক ও খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিল। শুধু ঢাকাই নয়, কাল সংবাদ সম্মেলনে নিজেদের দলের পরিচিতি তুলে ধরল রাজশাহী রেঞ্জার্সও।এনসিএলকে সামনে রেখে তড়িঘড়ি করে ছয়টি দলকে ছয় মালিকের কাছে বিক্রি করার পর একে একে সব দল নিজেদের পরিচিতি তুলে ধরছে। সব সংবাদ সম্মেলনের আবহ প্রায় একই রকম। বড় কোনো চমক নেই বললেই চলে। তবে রাজশাহী রেঞ্জার্সের সংবাদ সম্মেলনটা শুরুই হলো একটা চমক দিয়ে। মাত্র কদিন আগে বিক্রি হওয়া দলটির মাঠে নামার এক দিন আগেই মালিকানা বদলে গেল! এনসিএল আয়োজকদের কাছ থেকে রাজশাহী রেঞ্জার্সের মালিকানা কিনেছিল এমএন গ্রুপ। গতকাল জানা গেল, এখন এ দলটির মালিক ‘নেটওয়ার্ক লিমিটেড বাংলাদেশ’ নামক একটি প্রতিষ্ঠান।নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান বললেন, ‘আমাদের শুরু থেকেই এনসিএলে একটা দল নেওয়ার খুব ইচ্ছে ছিল। সেটা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত এমএন গ্রুপের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলটি আমরা কিনে নিয়েছি।’ বদলে যাওয়া মালিকানায় বদলে গেল দলটির লোগোও।জানানো হলো, দলটির সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকবে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাজশাহীর এ দলটির অধিনায়ক থাকছেন যথারীতি খালেদ মাসুদ। কোচের দায়িত্ব পালন করবেন আবদুল করিম (জুয়েল)। আর এসব মিলিয়েই নিজেদের শিরোপা জয়ের যোগ্য একটা দল হিসেবে দাঁড় করাতে চায় রাজশাহী রেঞ্জার্স। যদিও অনুশীলনের স্বল্পতা ও তাড়াহুড়া নিয়ে কিঞ্চিত্ অসন্তুষ্টি আছে অধিনায়ক খালেদ মাসুদের। তার পরও তিনি আরেকটা শিরোপার জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিলেন, ‘যদিও এই খেলাটা ঠিক রাজশাহী বিভাগীয় দলের হয়ে নয়, তার পরও আমরা একই রকম জয়ের ইচ্ছা নিয়ে মাঠে নামব। খেলার সময়ে মাথায় যে টুপি থাকে, সেই টুপির জন্য লড়াই করতে হয়। সেটা আমরা ভালোই জানি। রাজশাহী রেঞ্জার্স শিরোপার জন্যই খেলবে।’আরেক হোটেলে দিনের দ্বিতীয় সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুলের মুখেও শোনা গেল একই রকম কথা, ‘ঢাকা ডায়নামাইটস শিরোপার জন্য দল করেছে। আমরা দলে ঠিক যাদের চাইছিলাম, তাদের পেয়েছি। মাঠে জিততে গেলে কিছু ভাগ্য লাগে। ভাগ্য বিপক্ষে না গেলে শিরোপা জয়ের ব্যাপারে আমরা খুবই আত্মবিশ্বাসী।’সংবাদ সম্মেলনে ঢাকা ডায়নামাইটসের জার্সিও উন্মোচন করা হলো। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুল ও সহ-অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নামও ঘোষণা করা হলো। কোচ করা হয়েছে খালেদ মাহমুদকে। দলটির মালিক বেক্সিমকো গ্রুপের পরিচালক শায়ান এফ রহমান বললেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছি। করপোরেট লিগেও আমরা অংশ নিয়ে থাকি। এবার আশা করছি, এনসিএলের প্রথম শিরোপাটা আমরাই জিতব।’এনসিএলের শিরোপা জয়ের অভিযানে নিজের একটা দায় দেখছেন খালেদ মাহমুদ, ‘আমি খেলোয়াড় হিসেবে একবার বেক্সিমকোয় খেলেছি। সেবার ফাইনালে ২ রানে হেরে গিয়েছিলাম। সেই আফসোসটা এবার কোচ হিসেবে ঘুচিয়ে নিতে চাই।’