এখন মরিনহোই ইতোর বন্ধু

নিয়তির পরিহাস!
নইলে এত দিন পর স্যামুয়েল ইতোই বা কেন চেলসিতে যাবেন? সেই চেলসি, যে দল সম্পর্কে ক্যামেরুন স্ট্রাইকার একবার বলেছিলেন, ‘এ রকম ছন্নছাড়া একটা দলের হয়ে খেলার চেয়ে আমার গ্রামে গিয়ে বাদাম বিক্রি করাও ভালো!’
ঘুরেফিরে সেই চেলসিই হলো তাঁর ঠিকানা। শুধু তা-ই নয়, আজ এভারটনের বিপক্ষে ওই ‘ছন্নছাড়া’ দলটার হয়ে তাঁর অভিষেকও হয়ে যেতে পারে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে সেই পুরোনো ঘটনাটার ব্যাখ্যা দিলেন অন্যভাবে, ‘আমি আসলে চেলসির কথা বোঝাইনি। আমি কথাটা বলেছিলাম হোসে মরিনহোর দল নিয়ে। ইন্টার মিলানে খেলার আগে আমি মরিনহোকে চিনতাম না। তাই আমাদের সম্পর্কের মধ্যে একটা শীতলতা ছিল। আমি তো একবার বলেছিলাম, জীবনেও কোনো দিন মরিনহোর দলে খেলব না।’
চেলসি না হয়ে কথাটা যদি মরিনহো সম্পর্কেও বলে থাকেন, তাহলেও নিজের অবস্থান থেকে অনেক আগেই সরে এসেছেন ইতো। মরিনহোর দলে তিনি খেলবেন না বলে পণ করেছিলেন, কিন্তু কিছুদিন পরই পাড়ি জমালেন সেই মরিনহোর তখনকার দল ইন্টার মিলানে। কীভাবে সম্ভব হলো? ইতো শোনালেন সেই গল্পটা, ‘ঈশ্বরই ভালো জানেন। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন আমি কতটা ভুল। আজ মরিনহো আমার বন্ধু। তিনি খুবই আন্তরিক এবং সোজাসাপ্টা। তিনি সরাসরি কথা বলেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ।’
ইন্টারে থাকার সময়েই মরিনহোর ভক্ত হয়ে গেছেন ইতো। দুজনের মধ্যে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্বও। সে কারণেই দ্বিতীয়বার চেলসির দায়িত্ব নেওয়ার পর যখন ইতোকে প্রস্তাব দিলেন স্টামফোর্ড ব্রিজে আসার, সঙ্গে সঙ্গেই রাজি আনঝি মাখাচকালার স্ট্রাইকার, ‘তাঁর একটা গুণের কথাই আমি বলব। মাঠ ও মাঠের বাইরে তিনি সমান ভালো। এটা একটা বিরল গুণ। তিনি আমাকে প্রস্তাব দিলেন, আমি বুঝলাম চেলসিতে সুযোগ তৈরি হয়েছে এবং সবকিছু খুব দ্রুত হয়ে গেল।’
বার্সেলোনা, ইন্টার মিলান, আনঝি মাখাচকালা ঘুরে অবশেষে চেলসিতে। অনেকেই বলছেন, ক্যারিয়ারের পড়তি সময়েও শুধু অর্থের জন্যই নাকি খেলে যাচ্ছেন ইতো। ক্যামেরুনিয়ান স্ট্রাইকার জবাব দিলেন সেই সমালোচনারও, ‘আমি যখন মাখাচকালাতে যাই, তখনো অনেকে বলেছে, আমি নাকি অর্থের জন্য গিয়েছিলাম। আসলে তা নয়। আমি নতুন চ্যালেঞ্জ চেয়েছিলাম। আমি সব সময়ই এক নম্বর হতে চেয়েছি। আর সেটা হতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, জিততে হবে।’ ওয়েবসাইট।