এখন মিশন লেবানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা শেষ হতেই টেলিফোনে ধরা হলো বাংলাদেশ দলের ম্যানেজার ছাইদ হাসানকে। বিপ্লব-এমিলিদের উল্লাসধ্বনি পরিষ্কার শোনা যাচ্ছিল। না, ফিরতি ম্যাচে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু ড্র করেও বাংলাদেশ পেল একটা ‘জয়’। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের প্রথম পর্বের ফিরতি লেগে ড্র করেই উঠে গেছে পরের রাউন্ডে। পাকিস্তানের বিপক্ষে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে। পাকিস্তান-বাধা পেরোনো হলো। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে বাংলাদেশের সামনে এখন লেবানন। ২৩ জুলাই লেবাননের বৈরুতেই লেবাননের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। আবেগাপ্লুত বাংলাদেশ দলের ম্যানেজার কথাই বলতে পারছিলেন না। জানালেন, জয়ের জন্য মরিয়া পাকিস্তান শুরু থেকেই গা-জোয়ারি ফুটবল খেলেছে। নিজেদের মাঠ, নিজেদের দর্শক—প্রতিপক্ষ দলের মধ্যে ভীতি ছড়াতে চেয়েছে। তবে বাংলাদেশ দল ভয় পায়নি, নিজেদের কৌশলমতোই খেলেছে। কোচ নিকোলা ইলিয়েভস্কির কৌশল ছিল প্রতি-আক্রমণনির্ভর ফুটবল। খেলিয়েছেন ৪-৪-১-১ ছকে। ম্যাচে গোটা তিনেক সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে মিস করেছেন মিঠুন ও বাতেন, প্রথমার্ধে লিঙ্কন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম লেগে দুর্দান্ত খেলা মিডফিল্ডার জাহিদ হোসেনকে নামিয়েছেন ম্যাচের শেষ দিকে। এটা নাকি কোচের কৌশলই ছিল, দলের সেরা মিডফিল্ডারকে সজীব রেখে প্রয়োজনের সময়ই নামাতে চেয়েছেন মাঠে। লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে দর্শক ছিল দুই-তিন হাজার। তবে সেখানে জনা পঞ্চাশেক বাংলাদেশি সমর্থক বিপ্লবদের জন্যও গলা ফাটিয়েছে।একটা নিরাপত্তাভীতি নিয়েই পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশ দলকে প্রতিশ্রুতিমতো নিশ্ছিদ্র নিরাপত্তাই নাকি দেওয়া হয়েছে। কোথাও সামান্যতম নিরাপত্তা-শৈথিল্য ছিল না। কোচ নিকোলা ইলিয়েভস্কি দারুণ খুশি। ‘পাকিস্তান জয়’-এর পর এখন তিনি ‘জয়’ করতে চান লেবানন। বাংলাদেশ দল লাহোর থেকে আজ পৌঁছাবে করাচি, সেখান থেকে আগামীকাল সকালে ফিরবে ঢাকায়।