এখন মুখ রক্ষার লড়াই
কবে শেষ হবে দুঃস্বপ্নের এই সফর!মুখে যে যা-ই বলুন, লাই ডিটেক্টরের সামনে বসিয়ে দিলেই বেরিয়ে আসবে আসল সত্যিটা। এখন বাংলাদেশ দলের অনুচ্চারিত থিম সং—এই সফরটা শেষ হলে বাঁচি!ওয়ানডে সিরিজ ২-০ হয়ে যাওয়ার পর হারারের পত্রিকায় জিম্বাবুয়ে দলের সহকারী কোচের মন্তব্য ছাপা হলো। জিম্বাবুয়ে দল হোয়াইটওয়াশের কথা ভাবছে না, সিরিজ জিততে পারলেই খুশি। হোয়াইটওয়াশ! জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশকে! এই আলোচনাটাই আসে কীভাবে! সাহস বটে!মাত্র কদিন আগে যেটিকে মনে হয়েছিল দুঃসাহস, সেটিই এখন প্রবল আশঙ্কায় রূপান্তরিত। সেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু যে পরাজয়ের মিছিল, সেটি যে আর শেষই হচ্ছে না। একটি-একটি করে যোগ হতে হতে বাংলাদেশ দলের গলায় এখন পাঁচটি পরাজয়ের মালা!গত অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের কথা মনে পড়ছে? একটি ম্যাচ জিতলেই যেখানে খুশি, চার ম্যাচেই জিতে গেল বাংলাদেশ। হোয়াইটওয়াশ নাম বদলে হয়ে গেল ‘বাংলাওয়াশ’! ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচেই জিম্বাবুয়ে জিতে গেলে সেটিকে কি ‘রেডওয়াশ’ বলা হবে?সাকিব আল হাসান চিন্তাটা মাথায় আনতেই রাজি নন। তবে তাঁর অচিন্তনীয় অনেক কিছুই কি এরই মধ্যে ঘটে যায়নি! সাকিবের অভিষেক সিরিজে জিম্বাবুয়ের কাছে ৩-২-এ হেরেছিল বাংলাদেশ। এরপর পাঁচ বছরে দুই দলের সাতটি সিরিজের নাম ‘বাংলাদেশ খেলেছে আর জিতেছে।’ এবার এখন পর্যন্ত যা ‘বাংলাদেশ খেলেছে আর হেরেছে।’তৃতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পরাজয় ডেকে আনার পর এটি এখন মৃত সিরিজ। শেষ দুটি ম্যাচ শুধুই মুখ রক্ষার উপলক্ষ। ৩-০-তে পিছিয়ে কোনো ম্যাচ খেলতে নামার অভূতপূর্ব অভিজ্ঞতাও হচ্ছে সাকিব আল হাসানের। শুধু সাকিব কেন, মোহাম্মদ আশরাফুল ছাড়া এই দলের বাকি সবার জন্যই তো নতুন অভিজ্ঞতা। জিম্বাবুয়ে-কেনিয়া ছাড়া বাংলাদেশ পাঁচ ওয়ানডের সিরিজ খেলেছে মাত্র একটিই। সেই ২০০৩ সালে পাকিস্তান সফরে। সেটিতে তিন ম্যাচ পর ৩-০ অনুমিতই ছিল। আশরাফুল ছাড়া বাকি কারও অভিষেকই হয়নি তখন।পাকিস্তানে তিন ম্যাচ পর ৩-০ পাঁচ ম্যাচ শেষে ৫-০-ই হয়েছিল। এবারও কি তাই হচ্ছে নাকি ৩-২-এর সান্ত্বনাটুকু অন্তত জুটবে! হারারেতে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দলের কি মুক্তি মিলবে বুলাওয়েতে!গত পরশু সিরিজ স্থানান্তরিত হয়ে হারারে থেকে বুলাওয়েতে। এয়ার জিম্বাবুয়ের পাইলটদের ধর্মঘটের কারণে বিমানের বদলে বাসে আসতে হয়েছে বাংলাদেশ দলকে। এ নিয়ে কারও মধ্যে বিন্দুমাত্র অসন্তোষ নেই। হেঁটে আসতে হলেও হারারে ছাড়ার জন্য যে ব্যাকুল হয়ে ছিলেন সবাই!হারারের তুলনায় বুলাওয়েতে শীত অনেক বেশি। সন্ধ্যার পর তো দু-তিন প্রস্থ শীতবস্ত্রও ভেদ করে হাড়ে ঢুকে যাচ্ছে কনকনে বাতাস। এমনিতে ঠান্ডাকে বাংলাদেশের খেলোয়াড়দের খুব অপছন্দ। এখানে সেটিও অভিযোগের বিষয় নয়। হারারে হয়তো মিঠে শীতের আরাম দিয়েছে, সঙ্গে যে দিয়েছে অন্তহীন লজ্জাও।বুলাওয়ে এবার কী নিয়ে অপেক্ষা করছে, কে জানে! তবে অতীতে তো বাংলাদেশকে দুহাত ভরেই দিয়েছে। বুলাওয়ের এই কুইন্স ক্লাব মাঠেই দেশের বাইরে বাংলাদেশের টেস্ট অভিষেক। সেই প্রথম সফরেই এখানে তৃতীয় ওয়ানডেতে সে সময় গর্ব করার মতো ২৭২ রানের স্কোর। তার পরও হারতে হয়েছিল সে ম্যাচ। তবে এরপর এখানে পাঁচ ম্যাচের চারটিতেই জয়। কাল সকালে কুইন্স ক্লাব মাঠে দাঁড়িয়ে সাকিব আল হাসান সেই সুখস্মৃতিকেই অনুপ্রেরণা বানাতে চাইলেন, ‘এখানে আমাদের অনেক ভালো স্মৃতি আছে। ব্যাটসম্যানদের অনেকের বড় বড় স্কোর আছে।’‘বড় বড় স্কোর’-এর কথাটা বললেন এই সফরে সেটি প্রায় ডুমুরের ফুল হয়ে থাকায়। তৃতীয় ম্যাচে মুশফিকুর রহিম দুর্দান্ত সেঞ্চুরিটা না করলে ওই ‘প্রায়’ শব্দটাও লিখতে হয় না। তামিম ইকবাল নিজের ছায়া হয়ে আছেন। সাকিবকেও শুধু টেস্টে একটা ইনিংসেই সাকিবের মতো লেগেছে। বাকিদের কথা তথৈবচ। ইমরুল কায়েস ধুঁকছেন। প্রথম দুই ম্যাচের ব্যর্থতায় আশরাফুল বাদই পড়ে গেছেন। তাঁর জায়গায় এসে জুনায়েদ সিদ্দিকও ব্যর্থ। অথচ জিম্বাবুয়েতে জিততে হলে ব্যাটসম্যানদেরই জেতাতে হবে। বোলাররা শুধু সংগতই করতে পারেন।বুলাওয়েতে কথাটা আরও সত্যি। হারারের উইকেট ঘণ্টা খানেক বোলারদের কথা ভেবেছে। কুইন্স ক্লাবের উইকেট নির্ভেজাল ব্যাটিং-স্বর্গ। যদিও কাল সকালে স্থানীয় ক্রিকেট সংস্থার ব্যস্তসমস্ত প্রধান নির্বাহী উইকেট নিয়ে একটু দুশ্চিন্তাই প্রকাশ করলেন, ‘রোদটা খুব কড়া হলে খুব ভালো। উইকেটটা এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম নিজেদের চেনানো দলটা অপরিবর্তিতই থাকার কথা ছিল। কিন্তু ভাগ্য যথারীতি ভ্রু কুঁচকে তাকিয়েছে নাজমুল হোসেনের দিকে। কাল অনুশীলনে টান পড়েছে হ্যামস্ট্রিংয়ে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত হয়েছে, তবে নাজমুলের যা কপাল, তাতে সম্ভবত তাঁর খেলা হচ্ছে না। ‘সম্ভবত’ শব্দটাও উঠে গেলে তাঁর বদলে কি আরেকজন পেসার না স্পিনার, নাকি ব্যাটিং-বান্ধব উইকেটে বাড়তি একজন ব্যাটসম্যান, সেই সিদ্ধান্ত হওয়ার কথা ম্যাচের আগে সকালে।কৌতূহল হচ্ছে, মৃত এই সিরিজে সেটি জানতে আগ্রহী কেউ কি এখনো আছেন বাংলাদেশে?