এর চেয়ে ভালো আর কিছু হয় না। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতোই প্রতিদ্বন্দ্বিতা হলো। ভারত এমন একটি দলকে ছিটকে দিল বিশ্বকাপে যারা ছিল একচ্ছত্র সম্রাট। এতে ফিরল কোটি কোটি মানুষের আস্থা। ভারত এখনো বিশ্বকাপ জিতে নেয়নি। তবে দলের বোলাররা দায়িত্বটা পালন করেছে। শেষ দিকে উইকেট বিলিয়ে দেওয়ার দৃশ্যটা এদিন দেখা যায়নি। এমনকি কোনো নাটকীয়তা ছাড়াই ব্যাটিং পাওয়ার প্লেটা শেষ হয়েছে। নাটক যা হলো যুবরাজ সিং উইকেটে ডুবে যাওয়ার পর। তার গর্জনটা ছিল এমনই একজনের মতো যে নিজের কাঁধে কোটি কোটি প্রার্থনাকারীর ওজনটা উপলব্ধি করতে পেরেছে। এবং এর উত্তরটাও দিয়েছে। তাকে যোগ্য সমর্থন দিয়েছে একজন, সেও তার মতোই একজন বাঁহাতি। চিরতরুণ যুবরাজের মতোই আরেক প্রান্ত আগলে রেখেছিল সে। সুরেশ রায়না তার সিনিয়রের কাঁধে ভর করে খেলেছে। পুরো ইনিংসে মনে হয়েছে কেউ কারও থেকে বিচ্ছিন্ন হবে না। বিশ্বকাপ শুরুর আগে দুজনকে নিয়েই সংশয় সৃষ্টি হয়েছিল। অথচ তারাই এখন জাতির মধ্যমণি।কোনো চরিত্র নিয়ে আলাদা করে বলতে গেলে এখানে এই দুই তরুণ তুর্কিকেই আপনি পাবেন। প্রতিটি বিভাগে ভালো করেছে যুবরাজ। রায়না এই বিশ্বকাপে কম ম্যাচ খেলেছে, রানও তেমন পায়নি। এই চাপটা ও নিতে পেরেছে। এবং এমন এক প্রতিপক্ষকে ও শাসিয়েছে যারা কিনা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যায়।হ্যাঁ, অস্ট্রেলিয়ার পরাজয়টা একটা চমক। তারা সম্ভাব্য সবকিছুই করেছে। রক্তাক্ত হওয়ার পরও পরক্ষণেই মাঠে ফিরে আসে ব্রেট লি। রিকি পন্টিংয়ের মুখে প্রিয় সম্পদটি হাতছাড়া হয়ে যাওয়ার ছবি ফুটে উঠছিল। অথচ কয়েক ঘণ্টা আগেও তার হাঁকানো দুর্দান্ত সেঞ্চুরিটি পরে বিফলেই গেল।ভারতের বোলিংটা ছিল বিস্ময় জাগানিয়া। ফিল্ডিংটা হয়েছে সাধ্যমতো। অস্ট্রেলিয়া যখনই দ্রুতবেগে ছুটছিল ভারতের আঘাতগুলোও ছিল বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। জহির, অশ্বিন ও যুবরাজের হাত, শচীন টেন্ডুলকারও হাত ঘুরিয়ে জাদু দেখাল। হরভজনের অভিজ্ঞতা। বোলিংয়ে সবই এদিন কাজ করেছে। যুবরাজ ও রায়না দৃশ্যপটে হাজির হওয়ার আগে ম্যাচটা দুই দিকেই দুলছিল। টেন্ডুলকার ব্যাট হাতে দারুণ করেছে। কিন্তু দিল্লির তিনজন ব্যাটসম্যানের মনে হয় আত্ম অহংকারে চোট না লেগে পারে না। শেবাগ ব্যর্থ হয়েছে। গম্ভীরকে পেয়ে বসেছিল পাগলামি। মাঠ ছাড়তে বিরাট কোহলি বেছে নিল নির্বিষ এক বল। ধোনির মধ্যে কোনো শঙ্কা হয়তো কাজ করেনি। কিন্তু সংকটময় মুহূর্তে তার ব্যাটটা নীরব হয়ে থাকছে। তবে ইউসুফ পাঠানের বদলে সুরেশ রায়নাকে দলে নেওয়ার সিদ্ধান্তটি সোনা ফলিয়েছে।এখন মোহালি, অপেক্ষা পাকিস্তানের জন্য। বিশ্বকাপে আফ্রিদিরা গর্জন তুলেছে। তবে ভারতও বৃহস্পতিবার রাতে সব ইঙ্গিতই দিয়ে রেখেছে যে তারা আরও আলো ছড়াতে মরিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি এর চেয়ে ভালো সময়ে আর আসতে পারত না।