হার, হার, হার এবং হার। এশিয়া কাপ হকিতে টানা চতুর্থ ম্যাচে হেরেছে কাল বাংলাদেশ। ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে পরাজয়ের ব্যবধান ৩-০।গ্রুপ পর্বে টানা হারের পরও পঞ্চম হওয়ার একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল জাপানের কাছে হেরে। এখন সপ্তম স্থানের জন্য আজ লড়াই চীনা তাইপের সঙ্গে।পুরো এশিয়া কাপেই বাংলাদেশের খেলা অচেনা ঠেকছে। সাম্প্রতিক সময়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে চ্যাম্পিয়ন, বিশ্ব হকি লিগের দুই রাউন্ডের সাফল্যও আড়ালে চলে গেছে জিমি-চয়নদের বাজে পারফরম্যান্সে। রক্ষণভাগ দুর্বল। মাঝমাঠ বলে কিছু দেখা যাচ্ছে না। ভুল পাসের ছড়াছড়ি। যা-ও দু-একটি সুযোগ পেয়েছেন ফরোয়ার্ডরা, ফিনিশিং খুবই দুর্বল। বাংলাদেশের খেলা দেখে টেলিভিশন ধারাভাষ্যকাররা বেশ কয়েকবারই পাকিস্তানি কোচ নাভিদ আলমের কৌশলের সমালোচনা করেছেন।ম্যাচের প্রথম পাঁচ মিনিটই যা একটু খেলেছে কাল বাংলাদেশ। তিন মিনিটে একটি পেনাল্টি কর্নার আদায় করা গিয়েছিল। কিন্তু সেটিকে গোলে পরিণত করতে পারেননি অধিনায়ক মামুনুর রহমান চয়ন। এর পর থেকেই শুরু জাপানের আধিপত্য। পুরো ম্যাচে ৭৩ ভাগ বল দখলে ছিল জাপানের, ২৭ ভাগ বাংলাদেশের।আট মিনিটে জাপানকে প্রথম এগিয়ে নেন তসিরো তাসিবানা। ২৪ মিনিটে গোলটি শোধের সুযোগ পেয়েও নষ্ট করেন পুস্কর খীসা। দুই মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের অধিনায়ক কোজি কাইয়ুকাবা। প্রথমার্ধে ২-০-তে এগিয়ে থাকা জাপান দ্বিতীয়ার্ধে খেলেছে আরও আক্রমণাত্মক। তবে গোলরক্ষক জাহিদের দুর্দান্ত পারফরম্যান্সে সুযোগগুলো বেশি কাজে লাগাতে পারেনি জাপান। কখনো পা দিয়ে, কখনো হাত দিয়ে বল ঠেকিয়েছেন। ৬৯ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন তসিরো।