এখন যেমন আছেন গোলকিপার রণজিৎ দাস
নিজেকে তিনি পরিচয় দিতেন ‘টেলিগ্রাম যুগের মানুষ’ হিসেবে। দেওয়ারই কথা। জন্ম ২৯ অক্টোবর ১৯৩২। আর মাস সাতেক পরই ৯০ পূর্ণ করে পা দেবেন ৯১ বছরে।
সিলেট শহরে করেরপাড়া পাঠানটুলায় তাঁর চারতলা বাড়ি। থাকেন দোতলায়। কয়েক বছর আগেও সিলেট গেলে ক্রীড়া সাংবাদিকেরা একবার অন্তত ঢুঁ মারার চেষ্টা করতেন রণজিৎ দাসের ঠিকানায়। পঞ্চাশ-ষাটের দশকে পূর্ব বাংলার ফুটবল-হকির দুরন্ত গোলকিপার এবং পরে কোচের ভূমিকায় তাঁর গল্প শুনতে শুনতে ফিরে যেতেন পুরোনো দিনে। কিন্তু এখন আর আগের মতো গল্প করতে পারেন না রণজিৎ দাস। বার্ধক্যজনিত নানা সমস্যায় স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন অনেকটা।
এর আগে তাঁর বাড়িতেই বেশ কয়েকবার দেখা হয়েছে এই প্রতিবেদকের। কিন্তু এবার সেই দেখার পর্বটা দিল ভিন্ন অভিজ্ঞতা। কোনো কথা বিনিময় হলো না এবার আর। গত ২৯ মার্চ সিলেটে বাংলাদেশ-মঙ্গোলিয়া ফিফা প্রীতি ম্যাচের আগে তাঁর বাসায় যাওয়ার পর এই প্রতিবেদককে চিনতেও পারলেন না রণজিৎ দাস।
ছেলে রাজীব দাস নিয়ে গেলেন ভেতরের রুমে। বিছানার ওপর বসে আছেন তিনি। ছোট্ট নাতনি এসে তাঁর গায়ে গড়াগড়ি খেল কয়েকবার। এই নাতি-নাতনিরাই এখন আসলে তাঁর জীবনের বড় সঙ্গী।
একটু পর পরিবারের সদস্যদের সহায়তায় তাঁকে নিয়ে আসা হলো সামনের বসার ঘরে। যেখানে দেয়ালের গায়ে তাঁর ছবি, শোকেসে ট্রফি। সোফায় বসিয়ে রণজিৎ দাসের হাতে দেওয়া হলো গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা ট্রফিটি। ২০০৬ সালে পাওয়া সেই ট্রফি হাতে নিয়ে নিজেই বলে ওঠেন, ‘ওহ্...প্রথম আলো, মতিউর রহমান!’ এরপর আর কোনো কথা বলেননি। চোখেমুখে একটা তৃপ্তির ছাপ ফুটিয়ে ট্রফিটি নেড়েচেড়ে দেখলেন। স্ত্রী রেখা দাস বলেন, ‘প্রথম আলোর এই সম্মাননাকে তিনি আলাদা মর্যাদা দেন।’
শরীর বেশি খারাপ হয়ে যাওয়ায় গত বছরের ২৪ ডিসেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কথা বলতে পারতেন না তখন। ছেলে রাজীব দাস বলছিলেন সে সময়ের কথা, ‘তখন বাবার কিডনি সমস্যা থেকে নানা রকম উপসর্গ দেখা দেয়। নিউমোনিয়াও হয়ে গিয়েছিল। অবস্থা সংকটজনক জানিয়ে ডাক্তার বলেছিলেন, ৯০ বছর বয়সে এখন তাঁর শরীরে কোনো অস্ত্রোপচার করা যাবে না। থাকতে হবে অনেক সাবধানে। কিন্তু তিন-চার দিন হাসপাতালে থাকার পর উনি রাগ করে বলেন, বাসায় না নিয়ে গেলে ওষুধ খাবেন না। ছয় দিন হাসপাতালে থাকার পর তাঁর পীড়াপীড়িতে বাসায় নিয়ে আসতে হয়। ওই সময় শুধু খেতে পারতেন তরলজাতীয় খাবার। এখন শক্ত খাবার অল্প হলেও খেতে পারেন।’
চলনশক্তি হারিয়ে বলতে গেলে এখন তিনি বিছানাবন্দী। সারা দিনই চুপচাপ থাকেন। কখনো কখনো নাতি-নাতনিকে ডাকেন, এ–ই যা। ছেলে রাজীব দাস বলছিলেন, ‘পরিবারের সদস্যদের চেনেন তিনি। আমাদের এক ভাতিজা শুক্রবার বাসায় আসে। তাকে দেখে বলেন, “ও, আজ তাহলে শুক্রবার।” মানে ওই ভাতিজা শুক্রবার আসে আমাদের বাসায়। তবে বেশির ভাগ সময়ই কম পরিচিত লোকজনকে চিনতে পারেন না। শুধু তাকিয়ে থাকেন। আর নিজের মতো করে প্রশ্ন করেন।’
১৯৫৫ সালে ইস্পাহানি ক্লাব দিয়ে ঢাকার শীর্ষ ফুটবলে অভিষেক হয়েছিল রণজিৎ দাসের। এরপর খেলেছেন আজাদ স্পোর্টিং ও মোহামেডানে। আজাদ স্পোর্টিং ঢাকা লিগে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার দলের অধিনায়ক ছিলেন রণজিৎ দাস। মোহামেডানের হয়ে একই বছর জিতেছিল লিগ ও আগাখান গোল্ডকাপ। পূর্ব পাকিস্তান ফুটবল ও হকি দলের গোলকিপার হিসেবেও আলো কাড়েন।
লম্বা ডাইভ দিতে পারতেন। এই গুণ না থাকলে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে পূর্ব পাকিস্তান দলে খেলতে পারতেন না, কথাটা বলেন তাঁর কাছাকাছি বয়সের সতীর্থরা। তবে পাকিস্তান জাতীয় ফুটবল ও হকি—কোনো দলেই সুযোগ পাননি। এ নিয়ে আক্ষেপের কথা অনেকবারই বলেছেন রণজিৎ দাস। আক্ষেপের চেয়ে আনন্দের কথাই অবশ্য বেশি বলতেন। কয়েক বছর আগে স্মৃতিচারণায় বলেছিলেন, ‘বশীর আহমেদ আর আমি একবার পাকিস্তান হকি দলে ট্রায়াল দিতে গিয়েছিলাম। তখন অনেক মজা করেছিলাম। কিন্তু পাকিস্তান দলে বশীরের খেলা হলেও আমার খেলা হয়নি।’
এসব হয়তো তাঁর মনে পড়ে এখনো। তবে তা নিয়ে আগের মতো আর গল্পে মেতে উঠতে পারেন না।