এখন লিগই ভরসাম্যানইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো গুমরে কাঁদছে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানে চলছে উৎসব। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের চৌহদ্দি পেরোতে না পারার দুঃখটাকে অবশ্য আপাতত চাপা দিয়ে রাখতে হচ্ছে ম্যানইউকে। বায়ার্ন-ইন্টারকেও স্থগিত রাখতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার উৎসব। আবার মাঠে নেমে পড়তে হচ্ছে সবাইকে, লিগ শিরোপার লড়াইয়ে। বায়ার্ন আর ইন্টার মাঠে নামছে আজই। ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে থাকা বায়ার্ন বুন্দেসলিগার ম্যাচ খেলতে আজ যাচ্ছে বায়ার লেভারকুসেনের মাঠে। সিরি ‘আ’তে ইন্টার মিলানের ম্যাচটিও প্রতিপক্ষের মাঠে। ফিওরেন্টিনার মুখোমুখি হচ্ছে হোসে মরিনহোর দল। ম্যানইউরও তাই। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ব্ল্যাকবার্নের মুখোমুখি হবে তারা ব্ল্যাকবার্নের মাঠে। চ্যাম্পিয়নস লিগ পর্ব আগেই শেষ চেলসির। ইন্টার মিলানের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছে কার্লো আনচেলত্তির দল। চেলসি এখন ভাবছে শুধুই লিগ আর এফএ কাপ। তারাও মাঠে নামছে আজ। তবে লিগ ম্যাচ খেলতে নয়। ওয়েম্বলিতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে তারা এফএ কাপের সেমিফাইনালে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে, জার্মান কাপের ফাইনালেও আছে তারা, ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লিগেরও শীর্ষে; বায়ার্ন মিউনিখকে হাতছানি দিচ্ছে শিরোপাত্রয়ী। এ সময়ে কোনোভাবেই কোনো অঘটনের শিকার হতে চায় না বায়ার্ন। অধিনায়ক ফন বোমেল বলেছেন, ‘বুন্দেসলিগায় কোনোক্রমেই অঘটনের শিকার হওয়া যাবে না। শালকেকে (২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে) কোণঠাসা করে রাখতে আজ লেভারকুসেনের (৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে) বিপক্ষে জিততেই হবে আমাদের।’মাস দুয়েক আগে হলেও ইন্টার মিলান হয়তো একটু নির্ভার থাকতে পারত। ওই সময়ে শিরোপা লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭-৮ পয়েন্ট এগিয়ে ছিল তারা। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে তারা। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট ইন্টারের, সমান ম্যাচে রোমার পয়েন্ট ৬৫। ফিওরেন্টিনার বিপক্ষে তাই জয়টা খুব প্রয়োজন ইন্টারের। কিন্তু কোচ মরিনহো বললেন দলের ক্লান্তির কথা, ‘আমরা খুব ক্লান্ত। তবে একটা ভরসা আছে, দলটি খুব পরিণত এখন।’ভরসার পাশে ভয়ও তো আছে। ইন্টারের ক্লান্তির সুযোগ নিয়ে ফিওরেন্টিনা যদি অঘটন ঘটিয়ে দেয়, তাহলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে ইন্টার। রোমার সঙ্গে এসি মিলানও (৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের। আগামীকাল মিলান নিজেদের মাঠে খেলবে কাতানিয়ার বিপক্ষে। আর নিজেদের মাঠে রোমার প্রতিপক্ষ আটালান্টা।ট্রেবলের স্বপ্ন আগেই শেষ, চ্যাম্পিয়নস লিগও শেষ হয়েছে গত বুধবার। টিকে আছে কেবল লিগের শিরোপার আশা। এখানেও অবশ্য চেলসির চেয়ে পিছিয়েই ম্যানইউ। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, সমান ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৭২। আর পাঁচটি ম্যাচ বাকি। এই পাঁচটি ম্যাচকে পাঁচটি ফাইনাল মনে করেই খেলতে চায় ফার্গুসনের দল, ‘৫টি ম্যাচ পাচ্ছি আমরা এবং এর সবগুলোই জিততে হবে।’ ব্ল্যাকবার্নের বিপক্ষে আগামীকাল তাহলে পাঁচ ফাইনালের প্রথমটি খেলতে নামছে ম্যানইউ!শিরোপাত্রয়ীর স্বপ্ন শেষ হয়েছে চেলসিরও। তবে এফএ কাপ ও লিগ শিরোপা নিয়ে ডাবল জিততে পারে তারা। সে আশা নিয়েই আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে এফএ কাপের সেমিফাইনাল খেলতে নামছে চেলসি। তবে ম্যাচটি খুব সহজ হবে না বলেই মনে করেন কোচ আনচেলত্তি। এএফপি।