এখন শিরোপাও দেখছে কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শুরুর আগে ‘হট ফেবারিট’ ছিল স্বাগতিক ভারত। গ্রুপে আছে ওয়ানডের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অননুমেয় পাকিস্তান আর এই মুহূর্তে ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশকেও তাই সুপার টেনের শুরুতে হিসাবে রাখতে হয়েছে। অথচ এমনই একটা গ্রুপ থেকে সবার আগে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টানা হারিয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। দুর্দান্ত এই ফর্মের রহস্যটা কী?
নিউজিল্যান্ডের এমন সাফল্যের রহস্য কী? মোহালিতে পরশু পাকিস্তানের বিপক্ষে ২২ রানের জয়ের পর কিউই কোচ মাইক হেসন বললেন, ‘সম্ভবত আমরা এবার বেশ দ্রুত এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। সেই অনুযায়ী দল নির্বাচন করছি এবং কৌশল ঠিক করছি।’
কৌশলের প্রসঙ্গ এলে স্বাভাবিকভাবেই কেন উইলিয়ামসনের দুর্দান্ত অধিনায়কত্বের ব্যাপারটাও আসবে। ভাগ্যের সহায়তা অবশ্য আছে। তিনটি ম্যাচেই টস জিতেছেন। তবে তিনি আসলে মগজের খেলায় হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়কদের। কিউই ব্যাটসম্যান রস টেলর তাই এই সাফল্যের পেছনে বড় ভূমিকা দেখছেন তাঁদের অধিনায়কেরও, ‘কেন আর হেস (মাইক হেসন) যে পরিকল্পনা করছে ওটাই আমাদের জন্য খুব কাজে দিচ্ছে। কেন একেবারে জাত নেতা।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় মিচেল ম্যাকলেনাহানও পঞ্চমুখ অধিনায়কের প্রশংসায়, ‘আমরা ওকে ততটাই সম্মান করি, যতটা ব্রেন্ডনকে (ম্যাককালাম) করতাম। দলের সবার ওর ওপর আস্থা আছে এবং আমরা তাকে বিশ্বাস করি।’
পরশুর ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মার্টিন গাপটিল অবশ্য সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে কারণ আমরা আনন্দের সঙ্গে খেলছি।’
আসল কারণ যা-ই হোক, সত্যিটা হচ্ছে ফাইনাল তো অবশ্যই, এখন নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপারও বড় দাবিদার। তবে এত দূর না ভেবে এখন এই দারুণ সময়টা উপভোগ করতে চান কোচ মাইক হেসন, ‘টানা তিন ম্যাচে তিন কঠিন প্রতিপক্ষকে হারানো দারুণ ব্যাপার। আমরা যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম, এটা তার চেয়েও বেশি।’
তবে কোচ এত দূর না ভাবতে চাইলেও নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম কিন্তু শিরোপা দেখছে উইলিয়ামসনের হাতে। নিউজিল্যান্ড হেরাল্ড-এর অ্যান্ড্রু অ্যাল্ডারসন যেমন কাল এক কলামে লিখেছেন, ‘তিন ম্যাচে তিনটি দাপুটে জয়ের পর নিউজিল্যান্ড এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার সবচেয়ে বড় দাবিদার।’ এএফপি, নিউজিল্যান্ড হেরাল্ড।