এখন সময় নতুন রেকর্ডের
রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন ঘানার বিপক্ষে ম্যাচে। এবার কি তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই নতুন রেকর্ড? দীর্ঘদিন জার্মানির দখলে থাকা রেকর্ডটা কি ফিরে আসবে জার্মানির পতাকারই পাশে? মিরোস্লাভ ক্লোসাও যেন মুখিয়ে আছেন, ‘বিশ্বকাপে ১৫তম গোল করতে পেরে অনেক খুশি। পরের ম্যাচে নতুন রেকর্ডটির জন্য অপেক্ষা করব।’
নতুন রেকর্ডের হাতছানি বিশ্বকাপ শুরুর আগেই ছিল ক্লোসার। ভেবেছিলেন বিশ্বকাপে এসেই রেকর্ড ভাঙা-গড়ার কাজটি সেরে ফেলবেন। কিন্তু কোচ জোয়াকিম লো পর্তুগাল-বধের ম্যাচে ক্লোসাকে বেঞ্চেই বসিয়ে রাখলেন। মাঠে আর নামাই হয়নি। ঘানার বিপক্ষেও হয়তো নামা হতো না। কিন্তু দল বিপদের মুখে ছিল যখন, সেই সময়ই কোচ শরণ নিলেন অভিজ্ঞ সৈনিকটির। ৭০ মিনিটের মাথায় মাঠে নেমে ৭১ মিনিটেই জার্মানদের লজ্জাজনক হার থেকে বাঁচানো রেকর্ড-ছোঁয়া গোলটি করলেন ক্লোসা। আর একটি গোল হলেই নতুন রেকর্ড! সবার মধ্যেই যেন অন্য রকম এক ব্যাকুলতা। তবে ক্লোসা যেন ঋষির মতো শান্ত। নিজের রেকর্ড নয়, ভাবনা তাঁর দলকে ঘিরেই, ‘আমাদের সব চিন্তা এখন যুক্তরাষ্ট্র ম্যাচটি ঘিরে। ম্যাচটি জিতেই দ্বিতীয় রাউন্ডে যেতে চাই।’
এখন পর্যন্ত মাত্র ২০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। আরও সুযোগ পেলে এত দিনে রেকর্ডটি হয়েও যেতে পারত। কোচের ওপর কোনো রাগ নেই তো? ক্লোসা যেন একান্ত অনুগত শিষ্য, ‘সব সময়ই কোচের সিদ্ধান্ত এগিয়ে রাখি।’ ওয়েবসাইট।