এখনই অবসর নেবেন না টট্টি
অবসরের বিষয়ে গণমাধ্যমে চলমান কথাবার্তাকে উড়িয়েই দিলেন ফ্রান্সেসকো টট্টি। বললেন, বুটজোড়া তুলে রাখার কথা এই মুহূর্তে ভাবছেন না।গত মাসে ৩৬ পূর্ণ করেছেন। টট্টির সমসাময়িক ফুটবলারদের অনেকেই বুটজোড়া তুলে রেখেছেন। ইতালি ছেড়ে কেউ কেউ ঠিকানা করেছেন অন্যত্র। তাঁর বন্ধু-প্রতিপক্ষ দেল পিয়েরো এই গ্রীষ্মেই জুভেন্টাস ছেড়ে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। ক্যারিয়ারের এই গোধূলিলগ্নে দাঁড়িয়ে টট্টিও সংবাদ শিরোনাম হচ্ছেন নিয়মিতই। ইতালিয়ান গণমাধ্যম পরামর্শ দিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে, খুব শিগগির টট্টির বুটজোড়া তুলে রাখা উচিত। কিন্তু নিন্দুকদের মুখে ছাই ছিটিয়ে ইতালির সাবেক স্ট্রাইকার জানিয়ে দিলেন, ‘এখনই এ নিয়ে ভাবাটা একটু আগেভাগেই হয়ে যায়।’স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তা হলে আর কত দিন ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতে চান ‘দ্য গ্ল্যাডিয়েটর’? ‘রোমের রাজা’ এবার যেন একটু ধাঁধার মধ্যেই রাখতে চাইলেন। অবসর নিয়ে ভাবছেন না। আবার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনাও মাথায় নেই। বয়সের ডাকটা টট্টি নিজেও শুনতে পাচ্ছেন। ভালো করেই উপলব্ধি করতে পারছেন, খুব বেশি দিন হয়তো পা জোড়া মনের কথা শুনবে না। তাই ক্যারিয়ার নিয়ে ভাবনার পৃথিবীটা ছোট করে ফেলেছেন।রোমার সঙ্গে টট্টির চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকি। তবে ভবিষ্যতের পথ চলতে চাইছেন ম্যাচ-বাই-ম্যাচ পরিকল্পনা করে, ‘আমার কাছে এটা স্রেফ ফুটবলই। আমি সব সময়ই পরবর্তী ম্যাচটি নিয়ে ভাবি। আমি যখন অবসরের সিদ্ধান্ত নেব, সবাইকে জানিয়েই তা করব।’সেই ১৯৯২ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর পুরো ক্যারিয়ারই কাটিয়ে দিলেন রোমায়। রোমার পক্ষে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ গোলের রেকর্ডগুলো সেই কবেই হয়ে গেছে টট্টির, যা তাঁকে বসিয়েছে রোমার সর্বকালের সেরা খেলোয়াড়ের আসনে। বছরের পর বছর মাঠে রাজত্ব করার পুরস্কার হিসেবেই ইতালিয়ান গণমাধ্যম বিভিন্ন সময়ে ‘দ্য গ্ল্যাডিয়েটর’, ‘দ্য কিং অব রোম’, ‘দ্য বিগ বেবি’ উপাধিগুলো দিয়েছে।দীর্ঘ ২০ বছরের পেশাদারি ক্যারিয়ারে মাঠে কঠিন পরীক্ষার মুখোমুখি তো হয়েছেন কতবারই। কিন্তু মাঠে নয়, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি তিনি হয়েছেন মাঠের বাইরে—পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে সাক্ষাৎ করা। ‘এটা সত্যি, রোমে আমাকে গ্ল্যাডিয়েটর বলা হয়। কিন্তু আমি মনে করি, আমাদের ভূমিকার সঙ্গে সাহসের কোনো যোগসূত্র নেই। আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা কী? পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে সাক্ষাৎ করা। আমি কখনোই তাঁর অমায়িক শান্ত চোখ দুটোকে ভুলতে পারব না।’ ওয়েবসাইট।