এখনই কিছু বলতে রাজি নন বার্নস
বিসিবির সভাপতি সম্ভাব্য কোচের নাম বলে দিলেও ভিনসেন্ট বার্নস এখনই মুখ খুলতে রাজি নন। সবকিছু চূড়ান্ত হওয়ার আগে এ ব্যাপারে তিনি কিছুই বলতে চান না।কাল টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল আট বছর ধরে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে থাকা বার্নসের সঙ্গে। বাংলাদেশি সাংবাদিক শুনে প্রথমে ফোনের লাইনই কেটে দিলেন! পরে মুঠোফোন বার্তা পাঠিয়ে বার্নসের কাছে জানতে চাওয়া হলো, বাংলাদেশ দলের কোচ হতে তিনি কতটা আগ্রহী, বিসিবির সঙ্গে আলোচনাই বা কতদূর এগিয়েছে। ভিনসেন্ট বার্নসের ফিরতি বার্তা, ‘এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। কারণ এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ধন্যবাদ।’ওদিকে ইএসপিএন-ক্রিকইনফো ওয়েবসাইটকেও প্রায় একই কথা বলেছেন বার্নস, ‘আমাকে প্রস্তাব (বিসিবি থেকে) দেওয়া হয়েছে...এখন পর্যন্ত এটুকুই।’ বর্তমানে তিনি ছুটি কাটাতে বার্সেলোনায় আছেন। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য কোচদের মধ্যেও শোনা যাচ্ছে বার্নসের নাম।গত পরশু বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকান কোচ ভিনসেন্ট বার্নসের সঙ্গে তাঁদের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল তাঁদের প্রথম পছন্দ। ল যদি বাংলাদেশ দলকে সার্বক্ষণিক সময় দেওয়ার শর্ত মেনে আসতে রাজি হন, তাহলে তিনিই হবেন পরবর্তী কোচ। লকে পাওয়া না গেলেই কেবল বার্নসকে আনতে চাইবেন তাঁরা। আগামীকাল বোর্ড সভায় নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা।