এখনই খুশি ব্ল্যাটার
ভদ্রলোকের বাড়ি সুইজারল্যান্ডে। কিন্তু এখন যদি কেউ তাঁকে দক্ষিণ আফ্রিকান বলে দাবি করে বসে, তিনি নিশ্চয়ই আপত্তি করবেন না। কয়েক বছর ধরে খাঁটি দক্ষিণ আফ্রিকানদের চেয়েও বেশি দক্ষিণ আফ্রিকান হয়ে উঠেছেন সেপ ব্ল্যাটার।দেশটির লোকজনের মন জিতে নেওয়ার জন্য আর কিছু করতে বাকি থাকে, সর্বশেষ সেটাও করে দিলেন ফিফা সভাপতি। বলে দিলেন, আফ্রিকাই ইতিহাসের ‘সেরা’ বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে।বিশ্বকাপের আয়োজক হতে পারায় দক্ষিণ আফ্রিকানরা ফিফা সভাপতির প্রতি কৃতজ্ঞ। কিন্তু জ্যাকব জুমাদের কৃতজ্ঞতা আগের যেকোনো আয়োজকদের চেয়ে একটু বেশি। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনের জন্য ব্ল্যাটার ব্যক্তিগতভাবে তাঁর ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছেন। আরও আগেই চেষ্টা করেছিলেন ২০০৬ বিশ্বকাপটাই আফ্রিকায় আয়োজনের। সেটি সম্ভব না হলেও ২০১০ বিশ্বকাপ দিয়ে দিয়েছেন আফ্রিকাকে। ‘নিন্দুকেরা’ বলে, ব্ল্যাটারের এই আফ্রিকা-প্রীতি পরবর্তী সভাপতি নির্বাচনে মহাদেশটির ভোট নিশ্চিত করার জন্যই।যে কারণেই হোক, ব্ল্যাটার এখন মুখে অন্তত ভীষণ আফ্রিকাপ্রেমী। দুনিয়ার সবাই যখন বলছিল, আফ্রিকা বিশ্বকাপ আয়োজন করতে পারবে না। ব্ল্যাটার দফায় দফায় দক্ষিণ আফ্রিকা সফরে এসে বলে গেছেন, তিনি আফ্রিকাকে বিশ্বাস করেন। বলেছেন, ‘বিশ্বকাপ আফ্রিকাতেই হবে। আমাদের কোনো প্লান-বি নেই।’ দক্ষিণ আফ্রিকানরাও ব্ল্যাটারের সম্মান রেখেছে। এখন পর্যন্ত আয়োজনে কোনো ত্রুটি চোখে পড়ছে না। সবচেয়ে বড় কথা, ব্যক্তিগতভাবে ব্ল্যাটারকে তারা বিশেষভাবে সম্মানিত করেছে। ব্লাটারকে দেওয়া হয়েছে ‘অর্ডার অব দ্য কমপ্যানিয়নস অব ওআর টাম্বো’; দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ খেতাব।এই খেতাব পেয়ে ব্ল্যাটার যত না খুশি, তার চেয়ে বেশি খুশি আফ্রিকানদের আয়োজন-দক্ষতা দেখে। খুশি ভদ্রলোক আপাতত তাঁর কথা সত্যি প্রমাণিত হওয়ায়, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ নিয়ে আসাটা ছিল দক্ষিণ আফ্রিকার প্রতি, দক্ষিণ আফ্রিকানদের প্রতি, আফ্রিকার প্রতি একটা আস্থা প্রদর্শন। আজ দক্ষিণ আফ্রিকা ও পুরো মহাদেশকেই কৃতিত্ব দিতে হয়।’কৃতিত্ব দেওয়ার সময় চলে যাচ্ছে না। ১১ জুলাই বোঝা যাবে ব্ল্যাটার কাজটা ঠিক করেছিলেন কি না। এএফপি।