এখনই গেরহার্ডের সঙ্গে চুক্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের বাছাইপর্ব শেষ করে গত মে মাসে দেশে ফিরে গিয়েছিলেন পিটার গেরহার্ড। পরশু রাতে ঢাকায় ফিরলেও আপাতত অনুশীলনে নামছেন না এই জার্মান হকি কোচ। কাল টেলিফোনে জানান, ‘আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করব।’ তবে চুক্তির বিষয়ে কোনো কথাই বলেননি।আপাতত এশিয়ান গেমস সামনে রেখে অনুশীলনের জন্য দল সাজাচ্ছেন। ২৯ জনের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছে ফেডারেশন। এখান থেকে বাছাই করা ১৮ জনকে নিয়ে আগামী সপ্তাহে আবারও জার্মানি যাবেন গেরহার্ড। খেলোয়াড়দের নিয়ে ২৫ অক্টোবরেই ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।এক বছর ধরেই গেরহার্ডের সঙ্গে চুক্তি করা নিয়ে কথা হচ্ছে। চুক্তি ছাড়াই কাজ করে যাচ্ছেন জার্মান কোচ। কিন্তু কালও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন বললেন, ‘আমরা এত তাড়াতাড়ি পিটারের সঙ্গে কোনো চুক্তি করছি না। এবার তিনি যে ১৮ জন খেলোয়াড়কে নিয়ে যাবেন, তাঁদের প্রতিদিন কত ইউরো করে দেওয়া হবে, কোন ক্লাবে তাঁরা খেলবেন এসব বিষয়ে বিস্তারিত না জেনে চুক্তির ব্যাপারে এগোব না।’ গতবারের মতো তিক্ত অভিজ্ঞতা যেন এবার আর না হতে পারে সে বিষয়ের দিকেও খেয়াল রাখতে গেরহার্ডকে বলে দিয়েছেন খোন্দকার জামিল, ‘এবার যদি কোনো খেলোয়াড় ফিরে এসে অভিযোগ করে যে তাঁরা কোনো সম্মানি পাননি, তাহলে সেই ক্ষতিপূরণ গেরহার্ডের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।’ উন্নত প্রশিক্ষণ শেষে আগামী ২৫ অক্টোবরের মধ্যেই দেশে ফেরার বাধ্যবাধকতাও বেঁধে দিলেন খোন্দকার জামিল।