এখনই তৃপ্ত নই আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, এটাই আমাদের সবচেয়ে দাপুটে জয় কি না। তাৎক্ষণিকভাবে তা-ই মনে হয়েছিল। কিন্তু পরে পেছন ফিরে দেখতে গিয়ে মনে পড়ল, এমন দাপুটে জয় আমরা এর আগেও পেয়েছি।অন্তত তিনটি ম্যাচের কথা খুব মনে পড়ছে। প্রথমটি তো অবধারিতভাবে গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই জয়। সে এক অসাধারণ ব্যাপার! ম্যাচের আগের দিন থেকেই আমরা যেন বুঝে ফেলেছিলাম, আমরা জিততে যাচ্ছি। বিশ্বকাপের মতো বড় আসর, ভারতের মতো এমন বড় দল, রানা ভাইয়ের মৃত্যু, মাশরাফি ভাইয়ের সেই কথা—সব মিলিয়ে কেমন যেন সিনেমার মতো মনে হয়। সবচেয়ে বড় কথা, ওই জয়টার পর আমাদের দলটাকে ‘মিনোস’ বলাটা একটু হলেও বন্ধ হয়েছিল।তবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ জয়টা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছর জানুয়ারিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের সেই ম্যাচটা জিতে ফাইনালে উঠেছিলাম আমরা। ম্যাচটা ছিল ৩১ ওভারের, কিন্তু ফাইনালে উঠতে হলে জিততে হতো ২৪.৫ ওভারের মধ্যে। ২৩.৫ ওভারেই জিতে গিয়েছিলাম আমরা।ওই টুর্নামেন্টে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচেই হেরে খুব বিপাকের মধ্যে ছিলাম আমরা। শ্রীলঙ্কা ১৪৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি। আমি যখন উইকেটে যাই, স্কোর ৩ উইকেটে ১১! বিনয়ের সঙ্গেই বলছি, এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সেরা ব্যাটিং করেছি ওই ম্যাচে। প্রথম দিকে কোনো লক্ষ্য মাথায় নিয়ে খেলিনি। পরে যখন দেখলাম, ভালো ব্যাটে-বলে হচ্ছে, ঠিক করলাম, শুধু জয়ের লক্ষ্যেই খেলব না, ফাইনালে উঠতেই হবে।আধিপত্যময় আরেকটি যে জয়ের কথা মনে পড়ছে, সেটি এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। ওদের এর আগের বাংলাদেশ সফরের প্রথম ওয়ানডে। সেই ম্যাচটাও আমরা ৭ উইকেটে জিতেছিলাম। শুধু বড় ব্যবধানের কারণে নয়, অন্য আরেকটা কারণেও এই জয়টা আমাদের ক্রিকেট ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ।আইসিএলে আমাদের বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলে যাওয়ার পর ওটাই ছিল আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অনেক নতুন খেলোয়াড় দলে, ভেতরে অনেক তোলপাড় চলছে, সংবাদমাধ্যমে শোরগোল—সব মিলিয়ে খুব অস্থির অবস্থা ছিল। মাশরাফি ও রাজ ভাইয়ের বোলিংয়ের পর জুনায়েদ ও আশরাফুল ভাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে আসা ওই জয় আমাদের পায়ের তলায় মাটি এনে দিয়েছিল।গত পরশুর জয়টাকে আমি ওই তিনটি জয়ের পাশেই রাখব। আমরা প্রমাণ করতে পেরেছি, বড় দলের বিপক্ষে জয় পাওয়াটা এখন আর একটা বিচ্ছিন্ন ভালো দিনের ব্যাপার নয়। এই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ না হারাটাও অন্তত নিশ্চিত করতে পেরেছি!তবে বিশ্বাস করুন, এই হার এড়ানোর তৃপ্তিতে আমাদের দলের কেউই বুঁদ হয়ে নেই। আমি সংবাদ সম্মেলনে যেমন বলেছি, আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। পরের ম্যাচটাতে আমরা তা করার প্রতিজ্ঞা নিয়েই নামব।সিরিজে কী হবে না-হবে ভুলে ‘জিততেই হবে’ মানসিকতা আমাদের সঙ্গী থাকবে। জিতে গেলে স্কোরলাইনই বলবে, সিরিজের ফল কী হচ্ছে!