এখনই তৃপ্ত হতে রাজি নন সাকিব

এই ম্যাচটা নিয়ে জল্পনা-কল্পনা, শঙ্কা বেশিই ছিল। আফগানিস্তান কি সত্যিই সে ধরনের দল—ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কাছে উড়ে গেল প্রশ্নটা। স্মিত হেসে সাকিবের জবাব, ‘এর কৃতিত্ব আপনাদের। মানে সাংবাদিকদের।’
সাকিব খুব একটা ভুল বলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান কোয়ালিফাই করার প্রায় সঙ্গে সঙ্গেই এটি নিয়ে আশঙ্কা। যদি আফগানরা বাংলাদেশকে হারিয়ে দেয়!
গত কয়েক মাস ধরেই আফগান ‘জুজু’ তাড়া করে ফিরছিল বাংলাদেশকে। সেই জুজুর কল্যাণেই কিনা এশিয়া কাপে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কাছে হেরে বসল বাংলাদেশ। আর যায় কোথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি যেন হয়ে উঠল ‘বাঁচা-মরার লড়াই’। ম্যাচটি নিয়ে কথা-বার্তাই যেন বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কী যেন অজানা আশঙ্কা পেয়ে বসেছিল বাংলাদেশকে। কিন্তু আজ সবকিছু এক ফুত্কারেই হাওয়া। সাকিব তাই সোজা-সাপ্টাই বলে দিলেন, ‘আমি সব সময়ই বলেছি, যদি নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে বাংলাদেশের সামনে দাঁড়ানোর মতো দল আফগানিস্তান নয়।’
সাজঘরে ছোট্ট একটা খেলায় মেতেছিলেন সাকিব। একটা বাজির খেলা। সংবাদ সম্মেলনে তা অকপটে স্বীকারও করলেন। আফগানিস্তান দল নিয়ে সবার শঙ্কা কাটাতেই কিনা কলার খোসা কিছুটা দূরের ডাস্টবিনে একবারের চেষ্টায় ফেলা না-ফেলা নিয়ে ধরে বসলেন বাজি, ‘যদি খোসা একবারে ডাস্টবিনে যায়, তাহলে আফগানরা চল্লিশের ঘরে অলআউট হবে। যদি না যায়, তাহলে আশির আগেই আউট হবে।’ সাকিবের বাজি ফলে গেছে, আফগানরা শেষ হয়ে গেছে ৭২ রানেই।
সাকিবের ছোট্ট গল্পটি যথেষ্ট হাস্যরসের সৃষ্টি করল সংবাদ সম্মেলন কক্ষে। তবে কোনো বাজির ঘোড়া হয়ে নয়, আজকের ম্যাচটা বাংলাদেশ জিতেছে অসম্ভব ভালো খেলেই, ‘আমরা আজ তিন বিভাগেই ভালো খেলেছি। ফিল্ডিংটা হয়েছে অসাধারণ। দুটো রান আউট ম্যাচের গতি-প্রকৃতি আমাদের দিকে টেনে নিয়ে এসেছে।’
আজকের ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চান না সাকিব। পরের দুটো ম্যাচ (নেপাল ও হংকং) নিয়ে এরই মধ্যে যথেষ্ট ভাবতে শুরু করেছেন, ‘ইউটিউবে নেপাল ও হংকংয়ের খেলাগুলো দেখছি। একটা ধারণা তৈরি হয়েছে। আশা করছি, ওরাও কোনো সমস্যা হবে না।’
পরের দুটো ম্যাচ নেপাল ও হংকংয়ের বিপক্ষে। এই দুটি দল নিয়ে সাকিবের পরিষ্কার কোনো ধারণা না থাকলেও সাকিব কিছুটা সাবধানীই হতে চান, ‘এসব দলের একটা ব্যাপার থাকে। এই দলগুলোর কাউকে তেমন একটা জানি না। তাই কোনো খেলোয়াড় কখন নেমে কী করে ফেলবে, সেটা ধারণা করা যায় না। তাই একটু সাবধানে থাকতে হয়। তবে আমি মনে করি, এই দুটো ম্যাচে বাংলাদেশ দলকে নিজেদের নিয়েই বেশি করে ভাবতে হবে। নিজেদের খেলাটা ঠিকভাবে খেললেই আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটই একটু অদ্ভুত ধরনের। টেস্ট খেলুড়ে দেশ হওয়ার পরেও সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে ‘কোয়ালিফাই’ খেলতে হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে। আজকের ম্যাচে কোনো ‘দুর্ঘটনা’ ঘটে গেলে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ পড়ে যেত বিরাট সমস্যায়। ব্যাপারটি নিয়ে ভেবেছেন সাকিবও, ‘বাংলাদেশ সুপার টেনে উঠতে না পারলে স্বাগতিক দর্শকেরা প্রতিযোগিতা থেকে মুখ ফিরিয়ে নিত। সেটা প্রতিযোগিতার জন্য ভালো হত না। আশা করছি, আমরা পরের দুটো ম্যাচ জিতে সুপার টেনে চলে যাব। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সফল।
সাকিব এখন ধরে রাখতে চান আজকের ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসটা। এটাকে খুবই জরুরি মনে করছেন তিনি, ‘দেখুন টি-টোয়েন্টি ক্রিকেট খুব অদ্ভুত খেলা। এখানে একটি ওভারই খেলার গতি-প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। একজন খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই আত্মবিশ্বাসটা ধরে রাখা খুব জরুরি।’