এখনই নির্বাচন নয় এএফসিতে
মোহাম্মদ বিন হাম্মাম নিষিদ্ধ, এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি) ভারপ্রাপ্ত সভাপতি এখন ঝ্যাং জিলং। আপাতত এই ভারপ্রাপ্তের ওপরই নির্ভর করতে হচ্ছে এএফসিকে। চাইলেও নতুন সভাপতি পেতে এখনই নির্বাচনে যেতে পারছে না। এএফসির আইনবিষয়ক কমিটি জানিয়ে দিয়েছে, আগামী বছরের ৩০ মের আগে নির্বাচন করার কোনো সুযোগ নেই।গত জুনে ফিফার সভাপতি নির্বাচনে সেপ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ বিন হাম্মাম। কিন্তু ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগ ওঠায় ২৯ মে এএফসি সভাপতিকে সাময়িক বহিষ্কার করে ফিফা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো নির্বাচিত হন ব্ল্যাটার। আগের শনিবারে হাম্মামকে আজীবন নিষিদ্ধ করে ফিফার নৈতিকতা কমিটি। তবে গত জানুয়ারিতে পুনর্নির্বাচিত এএফসি সভাপতি পদ ছাড়েননি এই কাতারি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবেন বলে জানিয়েছেন।হাম্মামের ঘুষ কেলেঙ্কারি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পাতানো ম্যাচের জাল—সব মিলিয়ে এশিয়ার ফুটবল অন্ধকারের আবর্তে। এসব সমস্যা নিয়ে, বিশেষ করে এএফসি সভাপতি-জটিলতা কাটিয়ে উঠতে গতকাল রুদ্ধদ্বার বৈঠকে বসেছিল এএফসির কার্যনির্বাহী কমিটি। নির্বাহীদের সাড়ে ৫ ঘণ্টার সেই ম্যারাথন সভা শেষে এএফসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে এখন নির্বাচন না করতে পারার বিষয়টি।ভারপ্রাপ্ত সভাপতি চীনের ঝ্যাং জিলংয়ের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে নির্বাহী কমিটির সদস্য খোজো তাশিমা বলেছেন, ‘এএফসি বাজে পরিস্থিতিতে পড়েছে। বিন হাম্মাম অবশ্যই ক্রীড়া আদালতে যেতে পারেন। তাঁর প্রতি শ্রদ্ধা আছে আমাদের। কিন্তু দুর্নীতি, ম্যাচ পাতানো আর ডোপিং...অনেক সমস্যায় জর্জরিত আমরা। সুন্দর একটা এএফসি চাই আমরা। জিলংয়ের এএফসিকে পরিবর্তন করার সদিচ্ছা আছে।’ রয়টার্স।