এখনই নয় প্রযুক্তির আলোচনা
সেপ ব্ল্যাটার বলেছিলেন, প্রথম সুযোগেই ফিফার টেকনিক্যাল কমিটি আলোচনা করবে বহুল প্রত্যাশিত ‘গোললাইন টেকনোলজি’ নিয়ে। ব্ল্যাটাররা কথা রাখলেন না। আগামীকাল ওয়েলসে শুরু হতে যাওয়া ফিফা টেকনিক্যাল কমিটির সভায় গোললাইন প্রযুক্তি আলোচ্য বিষয়েই থাকছে না। ফুটবলে, বিশেষ করে গোল হয়েছে কি হয়নি, সেটা বোঝার জন্য খেলাটিতে প্রযুক্তি সংযোজনের দাবি অনেক পুরোনো। কিন্তু ফিফা ও তাঁর সভাপতি সেপ ব্ল্যাটার বারবারই ফুটবলে প্রযুক্তি সংযোজনের বিরোধিতা করে আসছেন।ফিফা তার অবস্থান না বদলালেও, বিশ্বকাপের অন্তত দুটি ঘটনা একটু নাড়িয়ে দিয়েছে কর্মকর্তাদের। জার্মানির বিপক্ষে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট গোললাইন অতিক্রম করেও গোলের স্বীকৃতি পায়নি; লাইন্সম্যান দেখতে পাননি ঘটনা। বিশ্বকাপের ওই দ্বিতীয় পর্বেই মেক্সিকোর বিপক্ষে কার্লোস তেভেজ অনেক ব্যবধানে অফসাইডে দাঁড়িয়েও গোল করে ফেললেন!দুটি ঘটনা দেখে বিব্রত ব্ল্যাটার কথা দিয়েছিলেন, তাঁরা প্রযুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবেন। একই সঙ্গে ফিফার সামনে আরেকটি দুয়ার খোলা আছে—ম্যাচে দুজন অতিরিক্ত রেফারি ব্যবহার করা। ফিফা মহাসচিব জেরোম ভালকে কিছুদিন আগে বলেছিলেন, দুটো পথের একটা তারা অবশ্যই গ্রহণ করতে যাচ্ছেন। কোন পথটা বেছে নেওয়া হবে, সেটাই ঠিক করার কথা টেকনিক্যাল কমিটির। কিন্তু ফিফার এক মুখপাত্র বলছেন, কার্ডিফের সভার আলোচ্যসূচি যেহেতু মে মাসে ঠিক হয়ে গেছে, তাই নতুন কিছু সংযোজনের উপায় নেই। তিনি বলছেন, অক্টোবরের আগে প্রযুক্তিবিষয়ক আলোচনা করছে না টেকনিক্যাল কমিটি, ‘এই বিষয়ে প্রথম আনুষ্ঠানিক সভা আগামী অক্টোবরে হতে পারে।’প্রযুক্তিপ্রিয়দের আরও একটু অপেক্ষা করতেই হচ্ছে। ওয়েবসাইট।