এখনই পাকিস্তানে যাবে না শ্রীলঙ্কা
বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে একবার যথেষ্টই শিক্ষা হয়েছে। এবার আর অতিসাহসী হতে চায় না শ্রীলঙ্কা। অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি দেশের মাটিতেই খেলতে চেয়েছিল পাকিস্তান। গত রোববার এ ব্যাপারে শ্রীলঙ্কার মনোভাব আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছিল পিসিবি। কাল শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হয়ে পাকিস্তান সফরে যাবে না শ্রীলঙ্কা দল। নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রক্রিয়াটা পরিষ্কার নয়। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সোমাচন্দ্র ডি সিলভা এএফপিকে বলেছিলেন, পাকিস্তান সফরে যেতে তাদের ‘পাকিস্তান টাস্ক টিম’-এর সবুজ সংকেত প্রয়োজন। পাকিস্তান সফরে যেতে দলগুলোর অনাগ্রহ দেখে ২০০৯ সালে এই কমিটি গঠন করেছিল আইসিসি। কাল শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্থা রানাতুঙ্গা বলেছেন, টাস্ক টিমের ছাড়পত্রও যথেষ্ট নয়, ‘পাকিস্তান ক্রিকেট এখন কঠিন সময় অতিক্রম করছে। আমরা ওদের সাহায্য করতে চাই, কারণ ওরা আমাদের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্রগুলোর একটি। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তার কথাও তো আমাদের ভাবতে হবে। প্রথমে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা পেতে হবে। এরপর ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে হবে। ভুলে যাবেন না, এই দলের বেশির ভাগ সদস্যই লাহোর হামলার সময় ছিল।’পাকিস্তানের ‘হোম’ সিরিজটা হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে দুবাই ও আবুধাবিতে খেলতেও আপত্তি নেই শ্রীলঙ্কার। লাহোর হামলার স্মৃতিই তো এখনো তরতাজা। এ ছাড়া করাচি-লাহোরের মতো পাকিস্তানের বড় শহরগুলোয় গুপ্ত হামলা নিত্যদিনের ঘটনা। গত রোববার রাতেই করাচির ন্যাশনাল স্টেডিয়ামের পাশের নৌঘাঁটিতে হামলা হয়েছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা এখনো তাই অনেক দূরের পথ বলেই মনে হচ্ছে। একটি আন্তর্জাতিক দল অবশ্য গতকালই পাকিস্তান পৌঁছে গেছে। লাহোর হামলার পর প্রথম বিদেশি দল হিসেবে পাকিস্তান সফরে গেছে আফগানিস্তান, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে দলটি। ওয়েবসাইট।