এখনই বিশ্বকাপে চোখ ক্যালিসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আর তিন মাস বাকি। এই সময়ে একেকটা জয় মানেই বিশ্বকাপের জন্য নিজেদের একটু একটু করে প্রস্তুত করা, আত্মবিশ্বাসের পারদটা এক দাগ ওপরে নিয়ে যাওয়া। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০-তে জেতার পর জিতে নেওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি। ৩-২ ব্যবধানের এই জয় বলে দিচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে প্রোটিয়াদের।ভালো যে হচ্ছে, গত পরশু সিরিজ নির্ধারণী ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ জ্যাক ক্যালিসের কথাতেই সেটা স্পষ্ট। ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ ৮৩ রান, বল হাতে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট—পরশুর অঘোষিত ফাইনালে পাকিস্তান আসলে হেরে গেছে ক্যালিসের কাছেই।হাতে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচের ম্যাচজয়ী পারফরম্যান্সের পুরস্কার। অথচ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ক্যালিস বললেন শুধুই বিশ্বকাপকেন্দ্রিক কথাবার্তা, ‘যতটা পারি কঠোর পরিশ্রম করার চেষ্টা করছি। চেষ্টা করছি শারীরিক ও মানসিকভাবে চাঙা হয়ে বিশ্বকাপে যাওয়ার। কে জানে, হয়তো এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি চাই আমার সবটা ঢেলে দিতে। গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ পারফরম্যান্স করতে চাই, যেমন আজকের পারফরম্যান্স আমাকে আনন্দ দিয়েছে।’পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচ পর ২-২, শেষ ম্যাচে নিষ্পত্তি। অতীত বলে, বড় ম্যাচের চাপ প্রোটিয়ারা সইতে পারে না, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পরশু আবুধাবিতে এর বিপরীত চিত্রটাই চিত্রায়িত হলো। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে দক্ষিণ আফ্রিকা তুলে নিল ৫৭ রানের জয়। ব্যাটসম্যানরা প্রথমে এনে দেন ৩১৭ রানের নির্ভার পুঁজি, পরে বোলাররা ২৬০ রানেই বেঁধে ফেলেন পাকিস্তানকে।দলীয় এই পারফরম্যান্সে অধিনায়ক গ্রায়েম স্মিথ দারুণ খুশি, ‘আমার ধারণা, এটা ছিল আমাদের সেরা নৈপুণ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা যে খেলাটা খেললাম, তাতে আমি গর্বিত। আমরা উজ্জীবিত ও ইতিবাচক ছিলাম এবং দারুণ একটা পুঁজি দাঁড় করিয়েছিলাম।’ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, ৮৩ রানের পথে ক্যালিস ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার রানের মাইলফলক। ম্যাচ শেষে অধিনায়ক স্মিথের কণ্ঠে ছিল তাই ক্যালিসের ‘ক্যালিপসো’, ‘জ্যাক আজ ১১ হাজার রান পূর্ণ করেছে। সে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সম্পদ। যখন সে খেলাটি থেকে চলে যাবে, সেটা হবে আমাদের জন্য বড় ক্ষতির।’সিরিজটাও হয়েছে দুর্দান্ত। এমন একটা উত্তেজনার শিহরণ ছড়ানো সিরিজই যেন দরকার ছিল ওয়ানডে ক্রিকেটেরই। তিনটি ম্যাচের ফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে—পুরো ছবি বোঝাতে এই তথ্যই যথেষ্ট। শেষ পর্যন্ত এই সিরিজের আরেক নামই হয়ে গিয়েছিল ‘থ্রিলার’। অবশ্য শেষ ফলাফলের মতো ব্যক্তিগত পুরস্কারগুলোও গেছে দক্ষিণ আফ্রিকানদের দখলে। সিরিজ-সেরা হয়েছেন হাশিম আমলা।ইংল্যান্ড সফরের কলঙ্ক মুছে পাকিস্তানের ক্রিকেটকে নতুনভাবে জাগিয়ে তুলতে পারত এই সিরিজ। তাতে পাকিস্তান সফল হয়নি। ব্যর্থও হয়েছে বলা যাবে না। তবে যে প্রেরণাটুকু পেয়েছে, সেটা নিয়েই আগামী পরশু শুরু টেস্ট সিরিজে নব উদ্যমে ঝাঁপিয়ে পড়বে মিসবাহ-উল হকের দল। ওয়েবসাইট।