এখনই যাচ্ছেন না গার্দিওলা
২০০৯ সালেও হয়েছিল। পরশুও হলো। শিরোপা জয়ের পর বার্সেলোনার সব খেলোয়াড় মিলে পেপ গার্দিওলাকে শূন্যে ছুড়ে কোচকে নিয়ে চালালেন লোফালুফি খেলা! গার্দিওলা একবার ওপরে উড়ে যান। পরক্ষণেই নেমে আসেন খেলোয়াড়দের কোলে। আবারও তাঁকে ছুড়ে দেওয়া হয় ওপরে। ভাসতে ভাসতে দুহাত মেলে দেন, যেন আকাশ ছুঁতে চান!মাত্র তিন বছরের কোচ জীবনে দুটি চ্যাম্পিয়নস লিগসহ ১০টি ট্রফি জেতা গার্দিওলা চাইলে আকাশ ছুঁতেই পারেন। তাঁর দলটিও যেমন এখন সর্বকালের অন্যতম সেরা দলের একটি হিসেবে দাবি করতে পারে নিজেদের। বার্সার জয় নিয়ে সবচেয়ে সার্থক শিরোনামটি তাই দিয়েছে স্পেনের এল পাইস, ‘বার্সেলোনা স্পর্শ করল স্বর্গ।’তিন বছরের মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা স্বর্গীয় আনন্দ এনে দিতেই পারে। তবে এমন সাফল্যবিধৌত একটা সময় পার করার পরও মাটিতে পা রাখছেন গার্দিওলা। এই দলটা সর্বকালের সেরাদের কাতারে যেতে পারে কি না—এই আলোচনায় তাই উৎসাহী নন গার্দিওলা, ‘আমি জানি না। আমি তো আর ক্রুইফের আয়াক্সের খেলা দেখিনি। দেখিনি ডি স্টেফানোদের রিয়াল কিংবা পেলের সান্তোসের খেলাও। তবে হ্যাঁ, দশ কিংবা ১৫ বছর মানুষ যদি আমাদের খেলাটা মনে রাখে, সেটাই হবে অনেক বড় তৃপ্তির।’একটা তৃপ্তি এখনই আছে তাঁর। জাভি-মেসি-ইনিয়েস্তাদের মতো শিষ্যদের পাওয়া। যা কিছু অর্জন, পুরো কৃতিত্বই শিষ্যদের দিলেন কোচ। নিজের ভাঁড়ারে কিছুই রাখলেন না, ‘এই খেলোয়াড়দের কোচ হওয়াটা আমার কাছে অনেক বড় পাওয়া। নিজেকে ওদের বস হিসেবে মনেই করি না। কত মানুষ আজকের এই অর্জনের পেছনে শ্রম দিয়েছে। আমি তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই।’এমন খুশির দিনে একটা সুখবরও শুনিয়েছেন গার্দিওলা। আশঙ্কা করা হচ্ছিল, হয়তো এই মৌসুমের শেষেই বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। কিন্তু গার্দিওলা থেকে যেতে রাজি হয়েছেন আরও এক মৌসুম, ‘আমার আরও এক বছর চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখাই যাক।’ সাফল্য পেলেও এই চাকরির চাপ তাঁর ভেতরটা শুষে নিচ্ছে। আর তাই পালিয়ে বাঁচতে চান। পরশুও এ কথা জানালেন। কিন্তু মেসিদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে এতটাই জড়িয়েছেন, সম্পর্ক ছিন্নও করতে পারছেন না।’ ওয়েবসাইট।