এখনকার চ্যালেঞ্জ ‘ধারাবাহিকতা’
দিল্লি থেকে পরশু রাতে দেশে ফিরেছে হকি দল। বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে উঠতে না পারলেও গ্রুপে ভারত ও আয়ারল্যান্ডের পরই বাংলাদেশ। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের কাছে। আগামী আগস্টে এশিয়া কাপের আগে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই বাংলাদেশের। ফাঁকা এই সময়টুকু তাই কাজে লাগাতে চাইছেন খেলোয়াড়েরা। ঘরোয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। অনেকে যাচ্ছেন ইউরোপে খেলতে।গত বছর জার্মানিতে খেলে আসা মশিউর রহমান (বিপ্লব) ও রাসেল মাহমুদ (জিমি) আবারও যাচ্ছেন জার্মানিতে। এবার তাঁদের সঙ্গী হচ্ছেন মামুনুর রহমান (চয়ন), ইমরান হাসান (পিন্টু), সারোয়ার হোসেন। জাতীয় দলের বাইরের সোনালী ব্যাংকের খেলোয়াড় অজিতও সুযোগ পাচ্ছেন জার্মানিতে খেলার। ২২ মার্চ জার্মানি যাবেন এই ছয়জন। খেলবেন দ্বিতীয় বিভাগের ক্লাবে। জাতীয় দলের সাবেক কোচ গেরহার্ড পিটারের উদ্যোগেই সুযোগ পাচ্ছেন এঁরা। এ ছাড়া বাংলাদেশের খেলোয়াড়দের বেলজিয়ামের লিগে খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ফেডারেশনের খণ্ডকালীন উপদেষ্টা কোচ মিশেল কিনান। সেই অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই হয়তো নিলামে উঠতে পারে চয়ন, পিন্টু, বিপ্লব ও জিমির নাম। এঁদের সবার বায়োডাটা জমা দেওয়া হয়েছে কিনানের কাছে। স্কাইপিতে জিমির সঙ্গে নিয়মিত যোগাযোগও হচ্ছে কিনানের। জিমি আশাবাদী, বেলজিয়ামেও খেলার সুযোগ মিলবে বাংলাদেশের খেলোয়াড়দের।ইউরোপে খেলে ব্যক্তিগত উন্নতি হচ্ছে খেলোয়াড়দের। কিন্তু জিমি চান দলগত উন্নতি, ‘এই সাফল্য ধরে রাখতে হলে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। ভারত-পাকিস্তানের বিপক্ষে শুধু আবেগ দিয়ে জেতা যাবে না। এ জন্য একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাই। এশিয়া কাপের আগে শুধু কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেললেই হবে না। ফেডারেশন যেন এখন থেকে নিয়মিত বড় দলগুলোর সঙ্গে আমন্ত্রণমূলক ম্যাচ আয়োজন করে।’ হকি দলের জন্য একজন পেশাদার ফিজিও ও ভিডিও বিশ্লেষকের দাবিও করলেন বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়, ‘এই দলে কোনো ফিজিও নেই। নেই কোনো ভিডিও অ্যানালিস্ট। আমরা নিজেদের ভুলগুলো শুধু কোচের মুখ থেকে শুনি। ম্যাচ ভিডিওতে দেখলে সেটা আরও কাজে দেবে।’ কোচ মাহবুব হারুন নিজেও বুঝছেন এসবের প্রয়োজনীয়তা। দিল্লিতে অন্য কোচদের ল্যাপটপ থাকলেও বাংলাদেশি কোচের কাছে ছিল না। প্রতিটি সেকেন্ডে যেখানে সহজেই অন্যরা কৌশল পাল্টেছেন, সেখানে এই কোচ ছিলেন অনেকটাই অসহায়। জিমির সঙ্গে সুর মিলিয়ে তিনিও বললেন, ‘ফেডারেশন যেন ক্যাম্পটা চালু রাখে।’