এখনো গুটমানের অভিশাপ!

বেলা গুটমান অন্যলোকে পাড়ি জমিয়েছেন প্রায় ৩৪ বছর আগে। কিন্তু বেনফিকার স্তাদিও দা লুইসে কান পাতলে আজও হয়তো শোনা যাবে তাঁর অশরীরী আত্মার হাসি। আজও হয়তো সেই কথাগুলো ভেসে বেড়াতে থাকে স্টেডিয়ামের ইথারে, ‘আগামী এক শ বছরেও বেনফিকা কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতা জিততে পারবে না।’
কথাগুলো আজ থেকে ৫২ বছর আগে বলে গিয়েছিলেন গুটমান। হাঙ্গেরিয়ান কোচের এই অভিশাপ এখনো তাড়া করে ফিরছে বেনফিকাকে। এরপর আর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে জিততে পারেনি বেনফিকা। পরশু ছিল রাহুমুক্ত হওয়ার আরেকটি উপলক্ষ। কিন্তু এবারও গুটমানের ভূত তাড়া করল তুরিনে। ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলের হারে বেনফিকা বুঝিয়ে দিল, গুটমানের অভিশাপ এখনো কাজ করছে!
কিন্তু কেন শাপ দিয়ে গিয়েছিলেন গুটমান? জানতে হলে ফিরে তাকাতে হবে ষাটের দশকে। ১৯৬০ সালে দায়িত্ব নিয়েই ইউসেবিওদের বেনফিকাকে গুটমান নিয়ে যান অন্য উচ্চতায়। ১৯৬১ ও ১৯৬২ সালে টানা দুই বছর বার্সা-রিয়ালকে হারিয়ে জেতেন ইউরোপিয়ান কাপ। অভাবিত এই সাফল্যের পর হাঙ্গেরিয়ান কোচ তাঁর বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায়। ক্ষিপ্ত গুটমান ক্লাব ছেড়ে যাওয়ার সময় দিয়ে যান ওই অভিশাপ৷
বিশ্বাস করুন আর না-ই করুন, এরপর আটটি ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে উঠে একটিতেও জিততে পারেনি বেনফিকা। ষাটের দশকেই আরও তিনবার স্বপ্নভঙ্গ—১৯৬৩ সালে মিলানের কাছে, ’৬৫-তে ইন্টারের কাছে ও ’৬৮-তে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ফাইনালে হারে বেনফিকা। এরপর ১৯৮৩ সালে উয়েফা কাপে আন্ডারলেখটের কাছেও পরাজয়। ১৯৮৮ সালে পিএসভি আইন্দহোফেনের কাছেও যখন হারল, বোঝা গেল অভিশাপটা কাটেনি। ইউসেবিও তো পরে ভিয়েনায় গুটমানের সমাধিতে গিয়ে ক্ষমাও চেয়ে এসেছিলেন।
লাভ হয়নি, ’৯০-তেই আবার মিলানের কাছে হারতে হয়। ২৩ বছর পর গতবার ফাইনালে আবারও হেরেছে চেলসির কাছে। আর এবার সেভিয়ার কাছে হারের পর প্রশ্ন উঠে গেল, তবে কি আরও ৪৮ বছর (শত বছর পূর্ণ করতে) অপেক্ষা করতে হবে বেনফিকাকে? ওয়েবসাইট।