এখনো 'মৃত্যুভয়ে' জুনিগা

ক্যামিলো জুনিগাকে এক ফাউলের ধাক্কা কত দিন বয়ে বেড়াতে হবে কে জানে! কোয়ার্টার ফাইনালে সেই যে নেইমারকে ফাউল করেছিলেন, তার জের টেনে নিয়ে বেড়াতে হচ্ছে এখনো। কলম্বিয়ান ডিফেন্ডার নাকি এখনো মৃত্যুর হুমকি পাচ্ছেন!
জুনিগার সেই বিপজ্জনক ফাউল বিশ্বকাপই শেষ করে দিয়েছিল নেইমারের। মেরুদণ্ডে চিড় ধরে ব্রাজিল তারকার। জার্মানির সঙ্গে ৭ গোলের বিপর্যয়টা নেইমারকে দেখতে হয়েছে অসহায় হয়েই। ওই ঘটনার পর জুনিগা বারবারই বলেছেন, ইচ্ছে করে ফাউলটা করেননি। কিন্তু নেইমার-ভক্তরা কি অতশত বোঝে? কিছু খ্যাপাটে ভক্ত মৃত্যুর হুমকিই দিয়ে বসেছিল তাঁকে। বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরও আগেই। কিন্তু জুনিগাকে নাকি এখনো প্রাণ সংশয়ের ভয় দেখানো হচ্ছে।
কলম্বিয়ান ডিফেন্ডারের বাবা ব্রাজিলিয়ান প্রচারমাধ্যম ল্যান্সনেটকে জানিয়েছেন, ‘ফোন ও মেইলে ওকে অনেক আজেবাজে কথা শোনানো হচ্ছে। কিছু তো ভয় পাওয়ার মতোই। বাবা হিসেবে আমি চিন্তিত, কিন্তু শুধু ওর জন্য নয়। ওর মেয়ে ও স্ত্রীর জন্যও। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।’ জুনিগা যে দোষী নন সেটাও আবার দাবি করলেন, ‘নেইমার তো ওকে রেহাই দিয়েছে, আমার ছেলে নির্দোষ। সে উগ্র নয়, আগের কোনো ইতিহাসও নেই তার। নেইমারের সঙ্গে যেটা হয়েছে সেটা ফুটবলের অংশই।’ গোলডটকম।