এখনো অনিশ্চিত মালিঙ্গা
এই মুহূর্তে লাসিথ মালিঙ্গার সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম কী? সন্দেহাতীতভাবে বাঁ হাঁটুর চোট। ছায়ার মতো যেন পিছু লেগে আছে চোটটা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কান পেসারের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে এই চোট। আগামীকাল আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তাতে মালিঙ্গার খেলা এখনো অনিশ্চিত।
গত নভেম্বরে চোটে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এশিয়া কাপে যা-ও ফিরেছিলেন, এক ম্যাচ খেলেই আবার চোট। এরই মধ্যে চোটের কারণে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে লঙ্কান দলের অধিনায়কত্ব তুলে দিয়েছেন মালিঙ্গা। দুঃস্বপ্নটা আরও কিছুদিন ভোগাতে পারে ৩২ বছর বয়সী শ্রীলঙ্কান পেসারকে। ইএসপিএন ক্রিকইনফোকে মালিঙ্গা বলেছেন, ‘হাড়ের চোটের ডাক্তারি কোনো চিকিৎসা নেই। কিছু ইনজেকশন নিচ্ছি। বিশ্রামই এখন একমাত্র চিকিৎসা। আগামী কদিন দলের সঙ্গে অনুশীলন করব, দেখব হাঁটু চাপ নিতে পারে কি না। যদি ব্যথা না থাকে, তাহলে প্রথম ম্যাচটা খেলব। আর না হলে নির্বাচকদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’ ক্রিকইনফো।