এখনো অনিশ্চিত স্টেইন-ডু প্লেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে অংশ নিলেও ইনজুরি আশঙ্কা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ছবি সৌরভ দাশ
অনুশীলনে অংশ নিলেও ইনজুরি আশঙ্কা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ছবি সৌরভ দাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। শিরোপা জয়ের মিশনটা শুরু করতে হবে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি দিয়ে। এর মধ্যে ইনজুরি সমস্যাও বেশ খানিকটা টালমাটাল করে দিয়েছে প্রোটিয়াদের। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ও দলের অন্যতম প্রধান বোলিং ভরসা ডেল স্টেইন আজ মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো সংশয় কাটেনি।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়েই বাংলাদেশে এসেছেন ডু প্লেসিস ও স্টেইন। মূল প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচেই অনুপস্থিত ছিলেন ডু প্লেসিস। স্টেইন মাঠে নামতে পেরেছিলেন একটি ম্যাচে। কিন্তু ২.২ ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয়েছিল এই ডানহাতি পেসারকে। গতকাল অবশ্য দুজনই অংশ নিয়েছিলেন অনুশীলনে। কিন্তু এখনো শতভাগ সুস্থ হয়ে উঠতে পারেননি কেউই। ডু প্লেসিস অবশ্য আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলার ব্যাপারে আশাবাদই ব্যক্ত করেছেন। কিন্তু সত্যিই সেটা সম্ভব হবে কি না, তা জানা যাবে ম্যাচের আগ দিয়েই। গতকাল প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু আগামীকাল (আজ) আরেকটা পরীক্ষার পরই বোঝা যাবে আমরা কী অবস্থায় আছি।’ ব্যাটিংয়ের সময় খুব বেশি সমস্যা না হলেও ফিল্ডিং করতে গিয়ে এখনো কিছু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ডু প্লেসিস।আজ বেলা সাড়ে তিনটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত যদি ডু প্লেসিস সত্যিই না খেলতে পারেন তাহলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে এবি ডি ভিলিয়ার্সকে।