এখনো অনেক কিছুই সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগ গাজীকে অভিনন্দন। দারুণ অভিষেক হলো তার। প্রথম ওভারটা একটু খারাপ হয়ে গেলেও পরে ধারাবাহিকভাবে ভালো বল করে গেছে। অভিষেক ম্যাচে নতুন খেলোয়াড়দের জন্য দুই রকম পরিস্থিতিই হতে পারে। হয় সে খুব নির্ভার থাকে অথবা প্রত্যাশার চাপ এসে পড়ে। আমার মনে হয় না সোহাগ চাপটা নিয়েছে। এমনকি প্রথম বলে ছক্কা খেয়ে যাওয়া বা প্রথম ওভারে অত রান দিয়ে ফেলার পরও নির্ভারই ছিল সোহাগ।মুশফিকুর রহিম নতুন বল তুলে দিয়েছে তার হাতে। আমার মনে হয় না প্রথম টেস্টেই প্রথম ওভার বল করা সোহাগের জন্য কঠিন কিছু ছিল। টিম মিটিংয়ে নিশ্চয়ই আগেই আলোচনা হয়েছে যে, সে বোলিং শুরু করবে। সোহাগ এটার জন্য প্রস্তুত ছিল। আর টেস্ট ক্রিকেটে এক ওভারে ১৪-১৫ রান দিয়ে ফেলা কোনো ব্যাপার না। ওয়ানডে হলে কথা ছিল। সোহাগ সেটা জানে বলেই দ্রুত ফিরে আসতে পেরেছে, গেইলের উইকেট নিয়েছে। অভিষেক টেস্টে এই উইকেটটা মূলবান স্মৃতি হয়ে থাকবে তার জন্য।প্রথম দিনে আমাদের পেসাররা তেমন সাফল্য পায়নি। আমার মনে হয়েছে তারা উইকেটের জন্য বল করতে গেছে বলেই সাফল্য আসেনি। বল এদিক-সেদিক হয়েছে। এ ধরনের পিচে উইকেট টু উইকেট বল করাই ভালো। তাতে রানটা অন্তত আরও কম হতো। আশা করব বল পেলে দ্বিতীয় দিনে শাহাদাত-রুবেল সেটাই করবে। পেসারদের পরিকল্পনায় রান ঠেকানোটাকে গুরুত্ব দেওয়া উচিত। গেইল শুরুতে আউট হয়ে গেলেও ওদের আরেক ওপেনার কাইরান পাওয়েল খুব ভালো ব্যাটিং করেছে। লাঞ্চ পর্যন্ত পরিস্থিতি খুব বেশি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে না থাকলেও লাঞ্চের পর সে আর চন্দরপল মিলেই এগিয়ে নিয়েছে ইনিংস। এ রকম উইকেটে চন্দরপল রান করবেই। কিছুদিন আগে সে এখানে বিপিএল খেলে গেছে। উইকেট তার মোটামুটি চেনা। তা ছাড়া ব্যাটিংটা সে অনেক মনোযোগ দিয়ে করে। রান করার জন্য খেলে। ওকে চাপে ফেলতে না পারলে ফেরানো কঠিন। কাজেই আমি বলব, চন্দরপলের বিপক্ষে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। টেস্ট ক্রিকেটে প্রথম দিন শেষেই কোনো মন্তব্য করা কঠিন। তবে বাংলাদেশ দলের এখনই আশা ছেড়ে দেওয়ার কিছু নেই। দিন শেষে স্কোরবোর্ডে ৩৬১ রান দেখে মনে হতে পারে ওরা অনেক রান করে ফেলেছে। কিন্তু এ রকম ব্যাটিং আমাদের পক্ষেও করা সম্ভব। আমরাও যদি ভালো ব্যাটিং করি, ম্যাচ সমান সমান অবস্থায় চলে আসবে। দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে যত দ্রুত সম্ভব অলআউট করে আমাদের সে কাজটাই করতে হবে। এই টেস্ট থেকে এখনো অনেক কিছুই পাওয়ার আছে বাংলাদেশ দলের।