এখনো অবনমনের আশঙ্কায় ওয়াসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ড্রয়ের বৃত্তে ঢুকে পড়ল ব্রাদার্স। চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে কাল গোলশূন্য ড্র করার পর ছয় ম্যাচে তাদের ড্রয়ের সংখ্যা দাঁড়াল চার। বাকি দুই ম্যাচে জয়। সর্বশেষ জয়টি আগের ম্যাচে। ব্রাদার্স কাল ভাগ্যের ছোঁয়া পেয়েছে। চট্টগ্রাম মোহামেডানের অ্যান্থনির হেড ফিরেছে ক্রসবারে লেগে। এরপর স্ট্রাইকার ফরহাদের ফ্রি-কিক এক ড্রপ খেয়ে ব্রাদার্সের জালে গেলেও সহকারী রেফারি আমিনুল ইসলাম অফসাইড ধরেছেন। চট্টগ্রাম মোহামেডান আপত্তি জানালেও সহকারী রেফারির যুক্তি, শট নেওয়ার আগে চট্টগ্রাম মোহামেডানের একজন খেলোয়াড় অফসাইডে ছিলেন এবং সে অবস্থাতেই তিনি বলটা তাড়া করেন। কারণ যা-ই হোক, টানা তিন দিন গোল নিয়ে বিতর্ক দেখল কমলাপুর স্টেডিয়াম।এই বিতর্ক সঙ্গী করে ম্যাচটা জিতেও যেতে পারত ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তাদের স্ট্রাইকার মিলনকে বক্সে ফেলে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। আশীর্বাদ হয়ে এল পেনাল্টি। কিন্তু সেই পেনাল্টি হেলায় নষ্ট করেছেন স্ট্রাইকার তরু। আগের ম্যাচে একমাত্র গোল করে দলকে জেতানো এই তরুণ নিজেই আগ্রহ নিয়ে পেনাল্টিটা মারেন। কিন্তু তাঁর দুর্বল কিক চট্টগ্রাম মোহামেডান গোলরক্ষক উত্তম বড়ুয়া ধরে নেন সহজেই। ব্রাদার্স আর গোল করার তেমন সুযোগ তৈরি করতে পারেনি।ছয় ম্যাচে ১০ পয়েন্ট। খুব একটা খারাপ অবস্থান নয় ব্রাদার্সের। কিন্তু কোচ ওয়াসিম ইকবাল এখনো তাঁর দলকে অবনমন অঞ্চলেই দেখতে পাচ্ছেন, ‘এই ম্যাচটা জিতলে অনেকটা সেফ হয়ে যেতাম। কিন্তু ড্র করার চিন্তা থেকে গেল। এটা তো বলারই অপেক্ষা রাখে না আমরা প্রথমে অবনমনের শঙ্কাটাই দূর করতে চাই।’ব্রাদার্সের দুই ঘানাইয়ান এখনো ছুটি কাটিয়ে ফেরেননি। দুই ঘানাইয়ানকে ছাড়া টানা তিন ম্যাচে যে ৫ পয়েন্ট এল, সেটিই অনেক মনে করছে দলটি। চট্টগ্রাম মোহামেডান তিন পয়েন্ট নিয়ে ফিরতে না পারায় হতাশ ছিল। ছয় ম্যাচে ছয় পয়েন্ট—গতবারের পঞ্চম দলটি এবার শুরুতে বেশ পিছিয়ে পড়েছে। কোচ মোহাম্মদ সারওয়ার ‘আরও অনেক ম্যাচ আছে’ বলে সামনে তাকাতে চাইলেও এবার তাদের বেশ নড়বড়ে দেখাচ্ছে।শুকতারা ০: ০ বিয়ানীবাজারনারায়ণগঞ্জে নিজেদের মাঠে বিয়ানীবাজারকে হারাতে পারেনি স্থানীয় শুকতারা। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ। ৫ ম্যাচে শুকতারার পয়েন্ট দুই। সমান ম্যাচে বিয়ানীবাজারের তিন পয়েন্ট। এটা তাদের তৃতীয় ড্র। যেভাবে এগোচ্ছে এই দুদল, তাতে অবনমন ঠেকানো কঠিনই মনে হচ্ছে।