এখনো আত্মবিশ্বাসী ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা উঠেছিল ইংল্যান্ডের হাতে। এবারের আসরেও তারা শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু গতকাল ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ইংলিশ ক্রিকেটাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তাঁদের ফেভারিট তকমাটা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়েছে মাত্র ৮০ রানে। ৯০ রানের হারটাই এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সবচেয়ে বড় ব্যবধানের হার। তবে এমন শোচনীয় পরাজয়ের পরও শিরোপা জয়ের আশা হারাননি স্টুয়ার্ট ব্রড। এখনো ইংল্যান্ডের তরুণ দলটা শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক।গতকালের ম্যাচটির আগেই সুপার এইটে যাওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল ভারত ও ইংল্যান্ডের। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্যতম হাইপ্রোফাইল ম্যাচে লড়াইটা ছিল মূলত নিজেদের শক্তিমত্তা যাচাই করে নেওয়ার। আর সেই লড়াইয়ে বেশ শোচনীয়ভাবেই পরাজিত হয়েছে ইংলিশরা। ভারতীয় স্পিনারদের মোকাবিলা করতে রীতিমতো নাজেহাল হতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। তবে এই হার প্রতিযোগিতার বাকি পর্বে দলের আত্মবিশ্বাসে চিড় ধরাবে বলে মনে করছেন না অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। তিনি বলেছেন, ‘আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ব্যাটিং লাইন আপে এ রকম অনেক কিছু ছিল খুবই স্পষ্ট। কিন্তু তরুণ ক্রিকেটাররা খুব দ্রুতই নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। আমরা এগুলো নিয়ে কথা বলব এবং সামনে এগিয়ে যাব।’গতকাল ভারতের বিপক্ষে মাত্র একজন স্পিনার (গ্রায়েম সোয়ান) ও চারজন পেসার নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। দল নির্বাচনের এই সিদ্ধান্তও পড়েছে সমালোচনার মুখে। খানিকটা পরীক্ষামূলকভাবেই এমনটা করা হয়েছিল বলে জানিয়েছেন ব্রড। তিনি বলেছেন, ‘আমরা জানতাম যে উইকেট শুরুর দিকে কিছুটা শুষ্ক থাকবে। কিন্তু তার পরও আমরা চারজন পেসার নিয়ে একটা পরীক্ষা চালাতে চেয়েছিলাম। এটা ছিল এমন একটা খেলা, যেখানে হারলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এ কারণেই আমরা কিছুটা ঝুঁকি নিয়েছিলাম। তবে কিছু সময় আমরা স্পিনারদের খুব ভালোভাবে খেলতে পারি, আর কিছুদিন মনে হয় যেন সবাই মিলেই একসঙ্গে খারাপ খেলছি। এটা কিছুটা হতাশাজনক।’সুপার এইটের ম্যাচে আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। ইএসপিএন।