এখনো আশা আছে জিম্বাবুয়ের

শুরু দেখে মনে হচ্ছিল আরও একবার হোঁচট খেতে যাচ্ছে জিম্বাবুয়ে। আরব আমিরাতের বিপক্ষে ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সাত ওভারের মধ্যেই হারিয়েছিল চারটি উইকেট। সে সময় স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৩৪ রান। কিন্তু শেষ পর্যন্ত যে জিম্বাবুয়ে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তার পুরো কৃতিত্ব এলটন চিগুম্বুরার। ২১ বলে ৫৩ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দলকে পাঁচ উইকেটের জয় এনে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর এই জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশাটা কাগজে-কলমে হলেও টিকিয়ে রাখতে পেরেছে জিম্বাবুয়ে।
তবে জিম্বাবুয়েকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে হল্যান্ডের দিকে। আজ ডাচরা যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে, তাহলেই কেবল মূল পর্বে খেলার সুযোগ মিলতে পারে জিম্বাবুয়ের। সে ক্ষেত্রেও আসবে রানরেটের হিসেব-নিকেশ। তিন ম্যাচ শেষে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও হল্যান্ডের সংগ্রহে থাকবে সমান চার পয়েন্ট। রানরেটে এগিয়ে থাকা দলই সুযোগ পাবে মূল পর্বে খেলার। আর আয়ারল্যান্ড যদি হল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে এত জটিল হিসেব-নিকেশের মধ্যে যাওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত দল হিসেবেই চূড়ান্ত পর্বে চলে যাবে আইরিশরা। আজ বেলা সাড়ে তিনটায় শুরু হবে আয়ারল্যান্ড ও হল্যান্ডের ম্যাচটি।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়েছিল আরব আমিরাত। তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা অবশ্য ভালোভাবেই সামলেছিলেন অধিনায়ক খুরাম খান (২৬) ও স্বপ্নিল পাতিল (৩০)। এরপর আবারও খুব দ্রুতই চারটি উইকেট হারায় আরব আমিরাত। শেষ পর্যন্ত তাদের স্কোরবোর্ডে ১১৬ রান জমা হয়েছিল কামরান শাজাদের ২১ ও সন্দ্বীপ সিলভার ১৩ রানের ইনিংস দুটির সুবাদে। জিম্বাবুয়ের পক্ষে চার ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন শেন উইলিয়ামস।
১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল জিম্বাবুয়েও। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ৩৪ রানেই সাজঘরে ফিরেছিলেন প্রথম সারির চার ব্যাটসম্যান। দশম ওভারে ভুসি সিবান্দাকেও সাজঘরে পাঠিয়ে হয়তো বড় অঘটন ঘটানোরই স্বপ্ন দেখছিলেন আরব আমিরাতের শৌখিন ক্রিকেটাররা। কিন্তু তাঁদের আর কোনো সুযোগ দেননি চিগুম্বুরা ও টিমেসিন মারুমা। ষষ্ঠ উইকেটে ৫৫ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। মারুমা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২২ রান করে।