এখনো আশাবাদী ক্রিকেটামোদীরা
২০০৪ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। প্রায় সাত বছর পর জিম্বাবুয়েতে গিয়ে কেবল সিরিজ পরাজয়ই নয়, রীতিমতো হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় রয়েছে সাকিব হাল হাসানের দল। সফরের শুরুতেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ এরপর একমাত্র টেস্ট ও প্রথম দুটি ওয়ানডে মাঠে নেমে প্রত্যেকবারই পরাজয়ের তিলক এঁকেছে বাংলাদেশ। টেস্টের অন্য দলগুলোর বিপক্ষে পরাজয়টা নিত্যসঙ্গী হলেও ‘আমরা জিম্বাবুয়ের চেয়ে অনেক ভালো দল’—এ বিশ্বাসটা পোক্ত হয়ে গিয়েছিল এ দেশের ক্রিকেটামোদীদের মনে। কিন্তু, এবারের সিরিজটা সেই বিশ্বাসও নষ্ট করে দিতে বসেছে।প্রথম আলো অনলাইন সংস্করণের একটি ফ্যান পেজ রয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে। সেখানে হাজার হাজার পাঠক প্রায় প্রতিদিনই প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদের ওপর আলোচনা করে থাকেন। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের চরম ব্যর্থতাও তাই এ মুহূর্তে পরিণত হয়েছে পাঠকদের আলোচনা ও সমালোচনার অন্যতম বড় অনুষঙ্গে।চলমান এই সিরিজে আরও তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। ২০০৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক এমনিভাবেই পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ওয়ানডে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল ২-০ ব্যবধানে। কিন্তু পরের তিনটি ম্যাচে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দেয় হাবিবুল বাশারের নেতৃত্বাধীন সেই বাংলাদেশ দল। এবারও তেমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলেও ফেসবুকের ফ্যান পেজে পাঠকদের সেই আলোচনা থেকে মনে হচ্ছে, ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্স, প্রয়োগের অভাব আর কয়েকজন খেলোয়াড়ের অতি কথনে বিরক্ত ক্রিকেটামোদীরা খেলোয়াড়দের ওপর সব আস্থাই হারিয়েছেন।একই সঙ্গে পাঠকদের আলোচনায়, মন্তব্যে উঠে এসেছে এদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বলতাগুলো। অনেক পাঠকই বলেছেন, দেশের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন না ঘটালে ভবিষ্যতেও বাংলাদেশের কপালে এ ধরনের অনেক লজ্জাই অপেক্ষা করছে।কাজী সাবিদ নামের এক পাঠক ফেসবুকের ফ্যানপেজে মন্তব্য করেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের উন্নতি না ঘটালে ক্রিকেটের ভিত্তি দুর্বলই থেকে যাবে দীর্ঘদিন।’মনিরুজ্জামান সুমন নামের একজন অবশ্য সাবিদের এই মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি। তিনি বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন না হয় হলোই। কিন্তু, তামিম, আশরাফুল, শাহরিয়ার নাফীস ও ইমরুল কায়েসের মতো চার, পাঁচ এমনকি ১০ বছর ধরে জাতীয় দলে খেলা খেলোয়াড়েরা যদি কাণ্ড-জ্ঞানহীনের মতো শট খেলে আউট হন, তাকে কি ঘরোয়া ক্রিকেটের দুর্বলতা হিসেবে চিহ্নিত করা যায়?’ খেলোয়াড়েরা নিজের জন্য খেলে এমন মন্তব্যও এসেছে প্রচুর। ‘প্রবাসী জীবন’ ছদ্মনাম দিয়ে মন্তব্য করা একজন বলেছেন, ‘খেলোয়াড়েরা একেবারেই নিজের জন্য খেলেন।’ ৫০ করে ফেলার পর ধৈর্য হারিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন—তা দেখলে এমন মন্তব্য করাটা খুবই স্বাভাবিক।তামিম ইকবাল জিম্বাবুইয়ান বোলার ব্রায়ান ভিটরিকে ‘আর্ডিনারি’ বোলার হিসেবে অভিহিত করে তাঁর বলেই যেভাবে বারবার আউট হচ্ছেন, তা দেখে আমিনুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘তামিম বেশি কথা বলে। কথা কম বলে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করুন।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হীন রাজনীতির আনাগোনাকেও কেউ কেউ এই ব্যর্থতার জন্য দায়ী করছেন। শিমুল কবির নামের একজন বলেছেন, ‘ক্রিকেটে রাজনীতি ঢুকে গেছে। হীন রাজনীতিই সব শেষ করে দিচ্ছে।’ তিনি মন্তব্যের শেষে হতাশা ব্যক্ত করেই বলেছেন, ‘রাজনীতির কারণে দেশের সবকিছু শেষ হয়েছে, এটাও (ক্রিকেট) শেষ হবে।’তবে শত হতাশার মধ্যেও অনেক ক্রিকেটামোদী এখনো আস্থা রাখছেন আমাদের ক্রিকেটারদের প্রতি। রাফি আল আমিন যেমন। তাঁর মতে, ‘প্রথম দুটি ম্যাচ হারলেও আমার বিশ্বাস বাংলাদেশ ঠিকই পরের তিনটি ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতে নেবে।’রাফি আল আমিনের মতোই একবুক আশা নিয়ে আছি আমরা সবাই। ক্রিকেটাররা আমাদের আশা পূরণ করুন। আপাতত প্রার্থনা এটাই।