এখনো আশায় আছেন আশরাফ
বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলমের সঙ্গে ইজিএম শেষ হওয়ার আগেই সোনারগাঁও হোটেলের বলরুম থেকে বেরিয়ে এলেন তিনি। মুখে রাজ্যের হতাশা। দেশের ক্রিকেটে ক্রিকেটারদের অস্তিত্বের লড়াইয়ে অপমানজনকভাবে হেরে যাওয়ার গ্লানি।জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন বোর্ড পরিচালক হয়েছিলেন ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবেই। কিন্তু কালকের পর থেকে এই দরজা সব ক্রিকেটারের জন্য বন্ধ। শুধু ক্রিকেটার পরিচয় আর যথেষ্ট নয় ক্রিকেট বোর্ডে আসার জন্য। ক্লাব রাজনীতিতে ‘পোড়’ খেয়ে তবেই আসতে হবে এখানে। যে ক্লাব রাজনীতি বিপিএলকে ‘লুটপাটের আসর’ বলার পরও মোটা অঙ্কের টাকায় ঠিকই সমঝোতা করে।সব ক্রিকেটারের পক্ষেই এই ধারার ক্লাব রাজনীতিতে আসা সম্ভব নয়। গাজী আশরাফ হোসেন হয়তো সে কারণেই আশায় আছেন, কালকের বিতর্কিত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে, ‘এত দিন যেভাবে ছিল সেভাবেই থাকলে, সাবেক খেলোয়াড়েরা সাংগঠনিকভাবে ক্রিকেটের সঙ্গে থাকতে আরও উৎসাহ পেতেন। সুযোগ থাকত তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর। তবে আমি মনে করি না যে সে সুযোগ শেষ হয়ে গেছে। জাতীয় ক্রীড়া পরিষদে এটা অনুমোদিত হতে হবে। এ দেশে যদি সত্যিই ক্রিকেটারদের প্রয়োজনীয়তা থাকে এবং তাঁরা যদি উপযুক্ত হন, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচিত হতে পারে।’খেলোয়াড়দের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার সিদ্ধান্তে যুক্তি, তাঁরা কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি নন। গাজী আশরাফ এটাকে ‘শক্ত যুক্তি’ স্বীকার করলেও বলেছেন, ‘সব নিয়মেরই ব্যতিক্রম আছে। ক্রিকেট বিকেন্দ্রীকরণ হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকেও দুজন করে ক্রিকেটারকে বোর্ডে পাঠানো যেতে পারে। এ ব্যাপারে আমরা আরও সহানুভূতিশীল মনোভাব আশা করেছিলাম।’