এখনো উত্তর খুঁজছেন ইতো
বার্সেলোনায় সফলই ছিলেন। গত মৌসুমে বার্সার জেতা শিরোপা ষষ্ঠকে অবদান আছে তাঁরও। সেই স্যামুয়েল ইতোকে হঠাত্ করে বার্সা ছেড়ে চলে যেতে হলো ইন্টারে। কেন? ক্যামেরুন স্ট্রাইকার এখনো খুঁজছেন উত্তর বার্সেলোনায় দারুণ সাফল্যের পরও আপনাকে ইন্টার মিলানে চলে যেতে হলো। আপনি কি এতে বিস্মিত হননি?স্যামুয়েল ইতো: এই প্রশ্নটা এমন, যেটির উত্তর আসলে আমি দিতে পারব না। কোচই (পেপ গার্দিওলা) ভালো বলতে পারবেন। আমার ব্যাপারে তিনি যা বলেছেন সেটি আমি শুনেছি এবং পত্রপত্রিকায় পড়েছি। তিনি বলেছেন, আমার মধ্যে নাকি ‘অনুভূতি’র ব্যাপারটি নেই। আমি তখন নিজেই নিজেকে প্রশ্ন করলাম—‘অনুভূতি’ মানে আসলে কী? মাঠে তো আমি আমার সর্বস্বটাই নিংড়ে দিচ্ছি, সব সময়ই অবদান রাখছি, প্রত্যেকটি শিরোপা জয়ের পেছনে যথাসম্ভব সাহায্য করেছি। তবে যা হওয়ার হয়ে গেছে। আমাকে এখন সামনে তাকাতে হবে। আমি এখন গ্রেট একটা ক্লাবে আছি। এই মৌসুমটা আমাদের জন্য দুর্দান্ত একটা মৌসুমই হবে। ইন্টার কোচ হোসে মরিনহো সম্পর্কে আপনার মূল্যায়ন কী? তাঁর আত্মজীবনীতে তো আপনার আর বার্সেলোনা দল সম্পর্কে খুব বেশি প্রশংসা নেই।ইতো: সেই সময়টা ছিল বার্সেলোনা আর চেলসি (মরিনহোর সাবেক ক্লাব) যখন মুখোমুখি হয়েছিল। ওর সম্পর্কে সাটামাটা একটা ধারণাই ছিল আমার। কিন্তু এখন ওঁর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় অনুশীলনে। তিনি কাজটা দারুণভাবেই করছেন। সবকিছুই ঠিকঠাক চলছে। জ্লাতান ইব্রাহিমোভিচকে কিনতে টাকার পাশাপাশি আপনাকেও দিতে হয়েছে। তাঁর সম্পর্কে আপনার মূল্যায়ন কী?ইতো: গ্রেট খেলোয়াড়। ওর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। বার্সার কৌশলগত ধরনটার সঙ্গেও ও দ্রুত মানিয়ে নিচ্ছে। অবশ্য আমরা দুজন আলাদা ধরনের খেলোয়াড়। আশা করব, ওখানে ওর সময়টা ভালোই কাটবে। আপনাকে যেভাবে বের করে দেওয়া হলো, এর পরও বার্সাকে ভালোবাসেন?ইতো: অবশ্যই। ক্লাবটি আর তাঁর সমর্থকেরা আমার হূদয়ে চিরকালই থাকবে। লা লিগা মিস করেন না?ইতো: খানিকটা। হ্যাঁ, এটা আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। স্পেনে আমি তেরটা বছর কাটিয়েছি। আপনি যখন কোথাও এতটা সময় থাকবেন, সেটার প্রভাব আপনার জীবনে থাকবেই। ইন্টার কি বার্সেলোনার চেয়ে বড়?ইতো: দুটো ক্লাব সম্পূর্ণ আলাদা। মিলানে লাইমলাইটটা ইন্টারকে ভাগাভাগি করে নিতে হয় (এসি মিলানের সঙ্গে)। আর এসপানিওলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, বার্সেলোনা একাই শহরটার প্রতিনিধিত্ব করে। এ কারণেই ওরা বলে, বার্সেলোনা শুধু ক্লাব নয়, ক্লাবের চেয়েও বড় কিছু। খেলোয়াড় হিসেবে আপনি কি আসলেই ঝামেলার?ইতো: না। লোকে যদি চায় তো তারা সেটা বলতে পারে। কিন্তু আমি এটা মানব না। আমি কঠোর পরিশ্রম করি। হ্যাঁ, আরও অনেকের মতো অতীতে আমার কিছু ভুলভ্রান্তি-বিতর্ক ছিল। কিন্তু সেটি শুধুই বিস্মৃত অতীত। অনেকেই বলেন, রিয়াল মাদ্রিদে আপনার পরিস্থিতি জটিল হয়েছিল, কারণ আপনি কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি।ইতো: ব্যাপারটা সে রকম নয়। রিয়ালের তুলনায় আমি আসলে বার্সেলোনায় বেশি ঘনিষ্ঠ ছিলাম। অবশ্য লস ব্ল্যাকোসে (রিয়ালে) আমার অনেক ভালো বন্ধু আছে, যাদের সঙ্গে আছে স্মরণীয় অনেক মুহূর্ত। আসলে আমার চরিত্রটাই এমন, আমি বড্ড খোলামেলা। যখনই কিছু জিতি, আমার আবেগ উছলে পড়ে। স্পেনে আপনার সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল কোনটি?ইতো: কোনো সন্দেহ নেই, সেটি ছিল ১৯৯৯ সালে, যখন আমি রিয়াল মাদ্রিদ থেকে এসপানিওলে ধারে খেলতে গেলাম। কোচ মিগুয়েল ব্রিন্দিসি আমাকে কখনোই খেলাননি। সেখানে খুবই হতাশায় ভুগছিলাম। রিয়ালে ফিরে আসতে তর সইছিল না। ফুটবলে আপনার আদর্শ কে?ইতো: অবশ্যই রজার মিলা, ক্যামেরুনের জন্য যিনি ছিলেন সবকিছু। আমি বেশ সৌভাগ্যবান, কারণ ক্যামেরুনের হয়ে দুর্দান্ত একটা ম্যাচ খেলতে দেখেছি তাঁকে, যখন আমার বয়স ছিল মাত্র ৬ বছর। ম্যাচ শেষে মিলা তাঁর শার্টটা দর্শকদের দিকে ছুড়ে দেন। সৌভাগ্যবশত সেটি আমিই লুফে নিই। তখন থেকেই আমি ফুটবলের স্বপ্নে বিভোর ছিলাম। ১২ বছর বয়সেই আমি ২০ বছর বয়সীদের সঙ্গে খেলেছি সে রকম কোনো সমস্যা ছাড়াই। ইউরোপে কীভাবে এলেন?ইতো: ১৫ বছর বয়সে জাতীয় দলের হয়ে আমার অভিষেক। দেখলাম পিরি (রিয়াল মাদ্রিদের ষাট আর সত্তর দশকের কিংবদন্তি) আমাদের খেলা দেখছেন। তিনিই আমাকে তখনকার রিয়াল কোচ ফ্যাবিও ক্যাপেলোর কাছে নিয়ে যান। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে যখন মাদ্রিদে আসি, আমার বয়স ১৬ বছর। আপনি কি মনে করেন, আফ্রিকার প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল শিরোপা জিতবে?ইতো: এটা আমার স্বপ্ন। কিন্তু আমরা এও জানি, কাজটা কতটা কঠিন। ক্যামেরুন বিশ্বকাপে বেশ সাফল্য পেয়েছে। ২০০০ সিডনি অলিম্পিকে সোনা জেতা দলটার সদস্য হতে পেরে আমি গর্বিত, যেখানে ফাইনালে আমরা স্পেনকে হারিয়ে দিয়েছিলাম। কে বলতে পারে, দক্ষিণ আফ্রিকায় আমরা আবারও সেটার পুনরাবৃত্তি করতে পারি না!