এখনো একমাত্র পাকিস্তানের দুই শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুল তখন অধিনায়ক, আফতাব আহমেদের ব্যাট জাগায় রোমাঞ্চ। সাকিব-তামিম তখনো উঠতি তারকা, আর উইকেটের পেছনে ধীমান ঘোষ! বাংলাদেশের ২৮টি টি-টোয়েন্টিতে ওই একবারই উইকেটকিপিং গ্লাভস পরেছিলেন মুশফিকুর রহিম ছাড়া অন্য কেউ। পাকিস্তানের মাটিতে সেটাই হয়ে আছে একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আর সেই একবারই টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দুই শ ছুঁতে পেরেছিল কোনো দল!করাচির জাতীয় স্টেডিয়ামে সেদিন আশরাফুলের বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ২০৩ রান তুলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল কাল সেটা ছাড়িয়ে যাবে অ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলঙ্কা। শেষের দিকে যেন ১৭-১৮ ঘরের নামতা গুণে রান দিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। ১৭ থেকে ১৯—এই তিন ওভারেই রান উঠেছে ৫৬। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১৯০। দুই শ ছোঁয়া তো বটেই, পাকিস্তানের ২০৩ রান ছাড়িয়ে যাওয়াটাকেও তখন মনে হচ্ছিল খুবই সম্ভব। কিন্তু ভীষণ উদার রুবেল হোসেন শেষ ওভারে দারুণ কিপটে হয়ে উঠলেন। একটিও বাউন্ডারি না দেওয়ার দুঃসাধ্য কাজটিও করলেন, এমনকি করতে পারলেন একটি নিখুঁত ইয়র্কারও! রুদ্রমূর্তির ম্যাথুস ও থিসারা পেরেরা একবারও বল সীমানা ছাড়া করতে পারলেন না। শেষ ওভারে মাত্র ৮, শ্রীলঙ্কা আটকে গেল ১৯৮-তে।মজার ব্যাপার, দুই শ ছোঁয়ার সেই ম্যাচে ১৯ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১৮৩। কিন্তু কালকের মতো সেদিনও উদার হাতে রান বিলানোর দায়িত্বে নেমেছিলেন শাহাদাত হোসেন। তাঁর করা শেষ ওভারে মিসবাহ-উল-হক ও ফাওয়াদ আলম মিলে তুলেছিলেন ২০। ৬ রানের মধ্যে সেদিন পাকিস্তানের দুই ওপেনারকে তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই শুরুটাকে নরক যন্ত্রণা বানিয়ে ছেড়েছিলেন মিসবাহ (৫৩ বলে অপরাজিত ৮৭), ইউনুস খান (২৮ বলে ৪৭), শোয়েব মালিক (১৮ বলে ৩৫) ও ফাওয়াদ (৭ বলে ১৬)। আশরাফুল ও শাহাদাত ছাড়া কালকের একাদশের আর কেবল আবদুর রাজ্জাকই ছিলেন সেদিন করাচিতে। ৪ ওভারে ৪৬ রান দিয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেটে দেশের সফলতম বোলার। বাংলাদেশ পরে গুটিয়ে গিয়েছিল ১০১ রানে। ১০২ রানের সেই পরাজয় এখনো রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় হার।কালকের আগে আরও তিনবার বাংলাদেশের বিপক্ষে ১৯০-তে আটকে গেছে প্রতিপক্ষ। সর্বশেষটির স্মৃতি এখনো তরতাজাই থাকার কথা বাংলাদেশের দর্শকদের। গত ডিসেম্বরেই মিরপুরে মারলন স্যামুয়েলসের ঝড়ে (৪৩ বলে ৮৫*) ১৯৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে ৬৩ রান দিয়ে সেদিন বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছিলেন রুবেল। জবাবে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ১৩২ রানের জুটির পরও বাংলাদেশ যেতে পেরেছিল ১৭৯ পর্যন্ত।গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পাল্লেকেলেতেই নিউজিল্যান্ড করেছিল ৩ উইকেটে ১৯১। ৫৮ বলে ১২৩ করে ব্রেন্ডন ম্যাককালাম গড়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড। বাংলাদেশ থমকে গিয়েছিল ১৩২ রানেই। একমাত্র দুই শর মতো বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ১৯০ ছুঁয়েছিল পাকিস্তানই। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নাইরোবির ত্রিদেশীয় টুর্নামেন্টে। মজার ব্যাপার হলো, পাকিস্তানের সেই ইনিংসে ছিল না কোনো ফিফটি! সর্বোচ্চ ২৯ বলে ৪৯ ছিল সালমান বাটের, ২৫ বলে ৪৮ করেছিলেন ইউনুস খান। নাজিমউদ্দিনের ৫০ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ করেছিল ১৬১।কাল শ্রীলঙ্কার ১৯৮ রানে কুশাল পেরেরা, জীবন মেন্ডিসদের বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বড় অবদান আছে বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের। ১৯টি ওয়াইড করেছেন বাংলাদেশের বোলাররা, সব মিলিয়ে অতিরিক্ত রান দিয়েছেন ২৬। এটা বাংলাদেশের সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড। এর আগে কখনোই বাংলাদেশ অতিরিক্ত থেকে ১৪ রানের বেশিও দেয়নি!বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫২০৩/৫ পাকিস্তান করাচি ২০০৮১৯৮/৫ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০১৩১৯৭/৩ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১২১৯১/৭ পাকিস্তান নাইরোবি ২০০৭১৯১/৩ নিউজিল্যান্ড পাল্লেকেলে ২০১২