এখনো ক্লান্তিহীন বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ কুমার রায়
বিদ্যুৎ কুমার রায়

সেই ১৯৮৮ সালে শুরু। হয়তো নীরবে ক্যারিয়ারের ইতি টানা হয়ে গেল গতকাল। ২৬ বছরের দীর্ঘ যাত্রার পথিক বিদ্যুৎ কুমার রায় আর নাও খেলতে পারেন ঘরোয়া ভারোত্তোলনে।

জাতীয় ভারোত্তোলনে প্রথমবার অংশ নিয়েই রুপা। তার পর থেকে ঘরোয়া প্রতিযোগিতায় একটানা সোনাই জিতে এসেছেন। কালও যথারীতি সোনা এল। মানে টানা ২৫ বছর ধরে সোনা জয়! কাল আনসারের হয়ে সর্বশেষ সোনা জিতলেন আন্তবাহিনী ভারোত্তোলনের সুপার হেভিওয়েটে। মর্যাদায় জাতীয় প্রতিযোগিতার সমতুল্য। ’৮৮ সালে শুরুটাও ছিল হেভিওয়েটে।

খেলতে খেলতে বিদ্যুতের সামনে খুলে গেল একটা দরজা। গত বছর টানা ২৪টি জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে দৌড়ঝাঁপ শুরু করেন। তখনই কাগজপত্র জমা দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ)। কিন্তু বছর পেরোলেও গিনেস রেকর্ড হলো কি হলো না, সে ব্যাপারে বিওএ কিছুই জানাতে পারেনি।

তবে এসব নিয়ে অন্ধকারে থাকলেও বিদ্যুৎ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কাল সোনা জেতার পর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে দাঁড়িয়ে বলছিলেন, ‘গিনেস রেকর্ডটা হয়ে গেলে ঘরোয়া কোনো প্রতিযোগিতায় আর খেলব না। ২৬ বছর টানা খেললাম। টানা ২৫ বছর সোনা জয়।’ এখন বয়স ৪২, বয়সকে জয় করে গিনেস রেকর্ডের স্বার্থে প্রয়োজনে আরও খেলতে যেতে চান, ‘গিনেস রেকর্ড করতে প্রয়োজনে আরও দু-এক বছর খেলে যাব।’

আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলে যাওয়ার চিন্তা আছে বিদ্যুতের। ‘আরও কিছুদিন আন্তর্জাতিক আসরে খেলে চূড়ান্ত বিদায় বলতে চাই’—তাঁর চোখেমুখে খেলা করে তৃপ্তি। দেশের মাটিতে ২৬ বছর শ্রেষ্ঠত্ব ধরে রেখে খেলে যাওয়াটা ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের ডাক্তার বাড়ির ছেলে নিজেই বিশ্বাস করতে পারছেন না, ‘২৫ বছর একটানা নিজের ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখা বিশাল ব্যাপার।’

সেরা সময়টা অবশ্য পেছনে ফেলে এসেছেন। তাতে কী? বিদ্যুৎ অপ্রতিদ্বন্দ্বী নিজের ইভেন্টে। শুরুর বছরে ক্লিন অ্যান্ড জার্কে তুলেছিলেন ১১৫ কেজি, স্ন্যাচে ৮৩ কেজি। কাল ২৫ বছর একটানা সোনা জেতার মাইলফলকে ওজন তুলেছেন ১৪০ এবং ১১৫। ক্যারিয়ারের মাঝপথেই আসলে কেটেছে সোনালি সময়। ক্লিন অ্যান্ড জার্কে তখন তুলেছেন সর্বোচ্চ ১৭৫ কেজি, স্ল্যাচে ১২৫ কেজি।

নিজের ইভেন্টে দীর্ঘ দাপট বিদ্যুৎকে আত্মবিশ্বাস জুগিয়েছেন নিরন্তর। সেটিকে সঙ্গী করেই আটটি সাফ গেমস খেলেছেন। পাঁচটি সাফে পদক জিতেছেন। রুপা দুটি, ব্রোঞ্জ তিনটি। অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলে দেশের বাইরে পদক জিতছেন কেবল গত বছর। মালয়েশিয়ায় কমনওয়েলথ ভারোত্তোলনে রুপা জয় বিদ্যুতের প্রাপ্তির খাতায় যোগ করেছে আরেকটি সাফল্য। তবে সব ছাপিয়ে গেল খেলার ভুবনে ২৫ বছর একটানা সোনা জেতার অনন্য কীর্তি। লাল-সবুজের খেলার মানচিত্রে বিদ্যুৎ ব্যতিক্রমই!