এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব: কাপালি
টানা তিনটি ম্যাচ হারল সিলেট রয়্যালস। বিপিএলে জয়ের মুখ দেখতে ব্যর্থ একমাত্র দল এই সিলেটই। দুরন্ত রাজশাহীর বিপক্ষে আজকের ম্যাচে কামরান আকমলের ফিফটিতে জয়ের পথেই ছিল দলটি। কিন্তু ক্ষণিকের কয়েকটি ভুল শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে দেয় তাদের। তবে ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে অধিনায়ক পিটার ট্রেগোর পরিবর্তে সাংবাদিকদের মুখোমুখি হওয়া আইকন অলোক কাপালি মনে করেন সিলেটের সব সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বাকি ম্যাচগুলো জিতে সিলেট ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস তাঁর।অলোকের মতে, প্রতিটি ম্যাচেই কোনো না কোনো বিভাগে সিলেট রয়্যালসের ঘাটতি থেকে যাচ্ছে। এই ব্যাপারটিই মূলত দলকে ভোগাচ্ছে। দুরন্ত রাজশাহীর বেঁধে দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জেতা খুবই সম্ভব ছিল বলে মনে করেন অলোক কাপালি। উইকেট নিয়েও তাঁর কোনো অভিযোগ নেই। তিনি কেবল বললেন, ‘কয়েকটি ভুল আমাদের জিততে দেয়নি।’খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে ফয়সাল ইকবালের মতো ব্যাটসম্যানকে না নামিয়ে সোহেল তানভীরকে ব্যাটিংয়ে পাঠানোর ব্যাখ্যা দিতে গিয়ে অলোক কাপালি বলেন, ‘ওই সময়টা বাঁ হাতি স্পিনারদের দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, সেই আক্রমণ সামলাতেই সোহেল তানভীরকে ব্যাটিংয়ে পাঠানো। তবে সিদ্ধান্তটি ভুল ছিল কি না, সে উত্তর অবশ্য কাপালি দেননি।