এখনো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইংল্যান্ড সফর ভারতের ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে ব্যর্থ সফর কি না, এ প্রশ্ন উঠতে বোধহয় আর খুব বেশি সময় বাকি নেই। চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এখন ওয়ানডে সিরিজেও ‘ধবল ধোলাই’ হওয়ার শঙ্কায় রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। সদ্যই বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি যেন জেতার অভ্যাসটাই ত্যাগ করেছে। গতকালও তৃতীয় ওয়ানডেতে তিন উইকেটে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। এই ম্যাচে হেরে গেলেও দলের ওপর সব আস্থা এখনই হারিয়ে ফেলতে রাজি নন অধিনায়ক ধোনি। তিনি মনে করেন, সিরিজের বাকি ম্যাচগুলোতে অবশ্যই ভারতীয় দল ঘুরে দাঁড়াবে। সেই সামর্থ্য নাকি ভারতীয় দলের রয়েছে।তৃতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে খুব সহজেই জিততে পারেনি ইংল্যান্ড। বোলাররা আরও একটু সফল হলে এই ম্যাচটা জিতেও যেতে পারত ভারত। মহেন্দ্র সিং ধোনিও এ ব্যাপারটির কথাই বলেছেন। তাঁর মতে, প্রথম ১০ ওভারে মাত্রাতিরিক্ত রান দিয়ে ফেলেছে ভারতীয় বোলাররা। এ সময় বোলিংটা একটু আঁটসাট হলে ম্যাচটি বের করে নিয়ে আসা কঠিন কিছু ছিল না। এর পরপরই বেশ আক্ষেপ ঝরেছে ধোনির কণ্ঠে। তিনি বলেছেন, এ ব্যাপারটি কালই প্রথম ঘটেনি। বারবারই ঘটছে। বোলাররা ম্যাচের শুরুর দিকেই বেশি রান দিয়ে প্রতিপক্ষকে চড়ে বসার সুযোগ করে দিচ্ছেন। প্রতিপক্ষ ম্যাচের যে সময়টা ওভারপ্রতি ছয় রান বা তার বেশি করে তাড়া করছে, সে সময় একটু লাগাম দেওয়া বোলিং করলেই কিন্তু হয়, কিন্তু ভারতীয় বোলাররা করছেন এর বিপরীত ব্যাপারটি।ওয়ানডে সিরিজ শুরু হওয়ার পর থেকেই আবহাওয়াটা বড্ড সমস্যা করছে। তবে কালকের পরাজয়ে ধোনি আবহাওয়াকে দোষারোপ করতে একদমই রাজি নন। তিনি বলেন, আবহাওয়ার কারণে ইংল্যান্ড তাড়া করার জন্য যে রান পেয়েছে, তা মূল লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ১৫ রান কম। ব্যাপারটি তেমন একটা ‘উনিশ-বিশ’ সৃষ্টি করেনি। ধোনি বলেন, আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলে দিতে পারিনি। টপ অর্ডারের কেউই বলার মতো রান পাননি। রবীন্দ্র জাদেজা ও অশ্বিনই যা একটু রান করেছেন। ধোনি বলেন, আর ৩০-৪০ রান বেশি হলেই ম্যাচটা জিতে যেতে পারতাম।তুলনামূলক তরুণ একটি দলের নেতৃত্বে থাকা ধোনি নিজে তাঁর ব্যাটিং পজিশনটি আরও একটু ওপরে নিয়ে যেতে পারেন কিনা, এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ধোনি নিজে অবশ্য মনে করেন, এই দলে তিনি যদি ওপরে ব্যাটিং করেন, তাহলে তাড়াতাড়ি আউট হয়ে গেলে দলের ওপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি হবে। পিটিআই।