এখনো তদন্ত কমিটি করেনি বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হওয়া তিন দেশের ছয় আম্পায়ারকে সাময়িক বহিষ্কার করেছে আইসিসি। আইসিসির নির্দেশনা অনুযায়ী ঘটনা তদন্তে তদন্ত কমিটিও গঠন করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এখনো সেটা করেনি কেবল বিসিবিই। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল বলেছেন, আজ-কালের মধ্যেই গঠিত হবে তাদের তদন্ত কমিটি।আইসিসির সভা শেষ করে কাল দেশে ফিরেছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তাঁর সঙ্গে আলোচনা করেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘বিসিবি সভাপতি আজই (গতকাল) ফিরলেন। তাঁর সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব তদন্ত কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে আইসিসির নির্দেশনা আছে। ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত সবাইকে ডাকবে কমিটি।’ওদিকে ভারতে অবস্থান করা নাদির শাহ ক্রমাগত অস্বীকার করে যাচ্ছেন ইন্ডিয়া টিভির অভিযোগ। বিদেশি সংবাদমাধ্যমের পর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও ইন্ডিয়া টিভির অভিযোগকে মিথ্যা দাবি করেছেন তিনি। এসএলপিএলের আম্পায়ার করার প্রস্তাব দিয়ে দিল্লিতে নিয়ে ভারতের এই টেলিভিশন চ্যানেলটি নাকি তাঁকে ফাঁদে ফেলেছে, ম্যাচ পাতানো নিয়ে কথা বলতে বাধ্য করেছে, পুরো ঘটনা অন্যভাবে সাজিয়েছে। নাদিরের ধারণা, এটা তাঁর ভাবমূর্তি এবং বাংলাদেশের ক্রিকেটকে হেয় করার অপচেষ্টা। আজই ভারত থেকে দেশে ফেরার কথা নাদির শাহর।