
শ্রীলঙ্কা দলের অনুশীলনের শুরুটা হলো কাল একাডেমি মাঠে। সংবাদ সম্মেলন শেষ করেই সতীর্থদের স্রোতে মিশে গেলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। চলছিল রুটিন স্ট্রেচিং-রানিং। একটু দূরে দাঁড়িয়ে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। পাশাপাশি দাঁড়িয়ে দলের নতুন কোচ পল ফারব্রেস, বোলিং কোচ চামিন্ডা ভাস। গম্ভীর মুখে কোনো কিছু নিয়ে কথা বলছিলেন চারজন। হতে পারে মিরপুর টেস্ট, এই সিরিজ অথবা বাংলাদেশ দল কিংবা খেলার বাইরের কিছু। তবে টুকরো এই ছবিটাই যেন বলে দিচ্ছিল, নেতৃত্বে না থাকলেও দলের নেতা আসলে এখনো জয়াবর্ধনে-সাঙ্গাকারাই। দলের থিঙ্ক ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ অংশ। অধিনায়ক ম্যাথুস, তাঁর ডেপুটি ও টি-টোয়েন্টি অধিনায়ক দিনেশ চান্ডিমাল যেন এখনো সাধারণ সৈনিকের কাতারে, সেনাপতি আগের সেই দুজনই!
কোনো ঘটনা বা ছবি দিয়ে অবশ্য এটি না বোঝালেও চলত। কে না জানে, জয়াবর্ধনে-সাঙ্গাকারা এখনো এই দলের ছাতা! সহ-অধিনায়ক থাকার সময় যেমন ছিলেন, তেমনি অধিনায়ক ম্যাথুসও দুই মহিরুহের ছায়াতলে। ঋদ্ধ হচ্ছেন দুজনের সংস্পর্শে। ড্রেসিংরুমে বা মাঠের বাইরে দুজনের আশ্রয়ে নির্ভার গোটা দলই। ২২ গজে এখনো দুজন দলের সবচেয়ে বড় ভরসা। এক যুগ ধরেই অবশ্য তা-ই। বাংলাদেশের চেয়ে ভালো করে সেটি আর কোন দল জানে!
টেস্ট আঙিনায় প্রথম এক যুগে সব দলের বিপক্ষেই বাংলাদেশের গল্পটা ছিল কমবেশি একই। জয়াবর্ধনে-সাঙ্গাকারাকে তবু আলাদা বন্ধনীতে রাখতে হয়। বাংলাদেশের জন্য বরাবরই যে দুজন হয়ে উঠেছেন বাধার দেয়াল, যেখানে মাথা কুটে মরেছে বোলারদের সব প্রচেষ্টা। শুরুটা দুই দলের সেই প্রথম লড়াই থেকেই। ২০০১ সালে কলম্বোতে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ১১৫ বলে ১৫০ করে বাংলাদেশকে বিব্রত করে স্বেচ্ছা অবসরে যান সেই সময়ের তরুণ জয়াবর্ধনে, আরেক তরুণ সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছিল ৫৪। গত এক যুগে ক্রিকেট-বিশ্বের সব প্রান্তে, সব দলের বিপক্ষেই রানরথ ছুটিয়েছেন দুজন। বাংলাদেশকে পেলে যেন সেই রথ থামতেই ভুলে গেছে!
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট রান করা তিন ব্যাটসম্যানই লঙ্কান। ১৩ টেস্টে ৫ সেঞ্চুরিতে ১৩১৭ রানে শীর্ষে সাঙ্গাকারা। ১১ টেস্টে ৪ সেঞ্চুরিতে ৮৬০ রান নিয়ে তিনে জয়াবর্ধনে। বাংলাদেশের বোলারদের স্বস্তি দিয়ে অবসরে গেছেন দুইয়ে থাকা তিলকরত্নে দিলশান (১১ টেস্টে ১০০৮)। বাংলাদেশের বিপক্ষে জুটি বেঁধে সবচেয়ে বেশি রানও জয়াবর্ধনে-সাঙ্গাকারার, ৭ ইনিংসে ৯৮.১৪ গড়ে ৬৮৭। ২০০৭ সালে ক্যান্ডিতে দুজনের ৩১১ রানের জুটি লঙ্কা-বাংলা সিরিজের সর্বোচ্চ। ব্যাটিং গড়েও একটা জায়গায় দুজন আছেন পাশাপাশি। দুজনেরই দ্বিতীয় সেরা ব্যাটিং গড় বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের (৬৬.১৫) চেয়ে জয়াবর্ধনের গড় বেশি শুধু ভারতের বিপক্ষে (৬৭.৪৮)। পুরো ক্যারিয়ারের মতো ধারাবাহিকতায় এখানেও এগিয়ে সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে গড় ৮২.৩১, বেশি শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ৮৯.৩৩।
বাংলাদেশের বিপক্ষের সাঙ্গাকারা-জয়াবর্ধনেকে তুলে ধরছে পরিসংখ্যানই। তবে কখনো কখনো স্রেফ রানসংখ্যা নয়, প্রভাবটা ছিল আরও অনেক বেশি। দুজনের পেশাদারি মনোভাব আর ব্যাটিং ভেঙে দিয়েছে বাংলাদেশের মনোবল, শুষে নিয়েছে জীবনীশক্তি, নিঃশেষ করে দিয়েছে মানসিকভাবে। গত মার্চে দুই দলের সর্বশেষ সিরিজটির কথাই মনে করুন। শ্রীলঙ্কার বিপক্ষে একতরফা আত্মসমর্পণের ইতিহাস কিছুটা বদলে দিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু পারেনি সাঙ্গাকারাকে বদলাতে। সদ্য চোট কাটিয়ে ফেরা সাঙ্গাকারা গলে করেছিলেন ১৪২ ও ১০৫, কলম্বোতে ১৩৯ ও ৫৫। চোটের কারণে ওই সিরিজে ছিলেন না জয়াবর্ধনে। এবার জোড় বেঁধে আবারও দেয়াল গড়ে তুলতে প্রস্তুত দুজন।
শঙ্কার জায়গা যদি ইতিহাস হয়, তবে আশার জায়গাও কিন্তু তা-ই। অবিশ্বাস্যভাবে বাংলাদেশের মাটিতে দুজনেরই ব্যাটিং গড় তাঁদের ক্যারিয়ার গড়ের চেয়েও অনেক কম। বাংলাদেশে জয়াবর্ধনের গড় ৩৮.১২। ৫ টেস্টে মাত্র একটি সেঞ্চুরি, নেই আর কোনো ফিফটি। সাঙ্গাকারার গড় ৪০.৫৭, ৪ টেস্টে ৩ বার পঞ্চাশ পেরোলেও সর্বোচ্চ মাত্র ৬৯!
কাল সংবাদ সম্মেলনে আলাদা করে এই দুজনের কথা বললেন মুশফিকুর রহিম। অধিনায়ক কি জানেন, দেশের মাটিতে জয়াবর্ধনে-সাঙ্গাকারার বিপক্ষে ইতিহাসটা অনুপ্রেরণারও!