এখনো তৃপ্ত নন টেন্ডুলকার
কাগজে-কলমে তাঁর বয়স ৩৮। বয়সটা নিভে যাওয়ার। যৌবন-সূর্য অস্তাচলে ঢলে পড়ার। কিন্তু শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই তাঁর বয়স ৩৮, নাকি ১৮। আঠারো বছরের পদাঘাতে পাথর-বাধা ভাঙার সাহস এখনো তাঁর ব্যাটে। এ কারণেই ২০১০ সালে টেস্টে বাকি সবাইকে ছাড়িয়ে ১৫৬২ রান তোলেন টেন্ডুলকারই। ২০১১ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮২ রান (সর্বোচ্চ রান তোলা তিলকরত্নে দিলশানের সঙ্গে ব্যবধান মাত্র ৮ রানের) তোলেন। এমনকি সদ্যই শেষ হওয়া আইপিএলের তৃতীয় সর্বোচ্চ (৫৫৩) রানসংগ্রাহক চিরতরুণ টেন্ডুলকারই!এই বয়সে খেলোয়াড়দের উত্তর দিতে হয় ‘কবে অবসর নেবেন’ জাতীয় তিতকুটে প্রশ্নের। আর টেন্ডুলকার মুখোমুখি হন এই প্রশ্নের—তাঁর চিরতারুণ্যের রহস্য কী! কোথায় খুঁজে পান আরও লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা। ব্যাটিংয়ের প্রায় সব মূল রেকর্ডই তো তাঁর নামের পাশে। অধরা ছিল যে বিশ্বকাপ, সেটিও এবার জিতেছেন। কানায় কানায় ভরা প্রাপ্তির খাতা। কিসের টানে তবে এখনো ছুটে যান মাঠে!অমীমাংসিত এসব রহস্যের উত্তর দিলেন টেন্ডুলকার। স্কাই স্পোর্টস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, তিনি এখনো তৃপ্ত নন, ‘কিছু জিতলে বা সেঞ্চুরি করলে একটা আনন্দ তো হয়ই। কিন্তু আমি এখনো তৃপ্ত নই। তৃপ্তির ব্যাপারটা অনেকটা হ্যান্ডব্রেক চেপেও গাড়িটাকে এগিয়ে নেওয়ার আশা করার মতো। আমি নিজের ক্যারিয়ার নিয়ে, যা কিছু অর্জন করেছি তা নিয়ে এখনো তৃপ্ত নই, একদমই না। যে মুহূর্তে আপনি তৃপ্ত অনুভব করতে শুরু করবেন, জানবেন, সেই সময় থেকেই আপনার লড়াইয়ের ঝাঁজটা আর থাকবে না। আপনি হারিয়ে যেতে শুরু করবেন।’এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে টেস্ট-ওয়ানডে মিলে ৩২ হাজার ৮০৩ রান, ৯৯টি সেঞ্চুরি এবং ১৫৪টি ফিফটির রহস্য। এত এত রান তুলেও তৃপ্ত নন বলেই ছুটতে চান আরও সামনে। টেন্ডুলকার স্পষ্ট জানিয়ে দিলেন, অবসর শব্দটা তাঁর মাথায়ই নেই, ‘আগের যেকোনো সময়ের মতোই এখনো ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসি। এটা আমার শুধু পেশা নয়, আমার অনুরাগও। ক্রিকেট এখনো আমার হূদয়জুড়ে। নিজেকে উজ্জীবিত করতে আর কিছুর তাই দরকার পড়ে না। ছোটবেলায় স্বপ্ন ছিল নিজের দেশের হয়ে খেলব। এখনো স্বপ্নটা একই আছে। এখনো ক্রিকেট থেকে আমি আনন্দ খুঁজে পাই।’এই আনন্দ খুঁজে নেওয়ার পেছনে থাকে এখনো, কেবল আন্তর্জাতিক ক্রিকেটেই দুই দশক পেরিয়ে এসেও নিত্যনতুন আবিষ্কারের বিস্ময়। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফল ব্যাটসম্যানটি তাই নির্দ্বিধায় বলেন, ‘আমি এখনো শিখছি। নিজের ব্যাটিং নিয়ে সব সময়ই কিছু না-কিছু আবিষ্কার করি। নিজের মনটাকে আপনার খোলা রাখতেই হবে। আমি সব সময়ই শিখি। এই ছোটখাটো বিষয়গুলোও, ফুটওয়ার্ক কিংবা ব্যাট চালানো আপনার খেলাকে আরও শাণিত করতে পারে। আমি এটা করতে পছন্দ করি। সবকিছুই আপনি জেনে ফেলতে পারেন না। এটা সম্ভবও নয়।’বিশ্বকাপ জয়ও তাঁকে নতুন করে উজ্জীবিত করেছে। পাঁচ-পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলার পর ষষ্ঠবারে এসে হাতে নিতে পেরেছেন আরাধ্য সেই ট্রফি। এই অনুভূতিটা যেন কোনো দিনই পুরোনো হবে না, ‘এটা একেবারেই অন্য রকম এক অনুভূতি। যেন ভিনগ্রহে বসবাস করার মতো—মনে হচ্ছিল, আমি যেন আকাশে উড়ছি।’