এখনো দল দিতে পারেনি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু তাদের জন্যই প্রাথমিক দল ঘোষণার তারিখ পিছিয়েছে আইসিসি। কিন্তু তার পরও দল ঘোষণা করতে পারছে না পাকিস্তান। প্রাথমিক দল ঘোষণার জন্য গত শুক্রবার সভায় বসেছিল নির্বাচক কমিটি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ইন্টেগ্রিটি কমিটির সাড়া না পাওয়ায় সেদিনও দল ঘোষণা করা যায়নি। শোয়েব মালিক, কামরান আকমল ও দানিশ কানেরিয়াকে দলে নিতে আপত্তি আছে এই কমিটির। কিন্তু প্রাথমিক দলে তো বটেই, ১৫ সদস্যের চূড়ান্ত দলেও থাকার খুব ভালো সম্ভাবনা আছে মালিক ও আকমলের।৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণার শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। কিন্তু পাকিস্তানের আবেদনের ভিত্তিতেই আইসিসি সময়সীমা বাড়িয়েছে ৫ জানুয়ারি পর্যন্ত। মালিক-আকমলদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না ইন্টেগ্রিটি কমিটিই, শুক্রবার বর্ধিত সভা শেষেও মতৈক্যে আসতে পারেনি কমিটি। এ জন্য তারা চূড়ান্ত কিছু জানাতে পারছে না নির্বাচক কমিটিকেও। শুক্রবারের সভা শেষে নির্বাচক কমিটির প্রধান মহসিন খান বলেছেন, ‘ক্রিকেটারদের পারফরম্যান্স ও কোন কোন ক্রিকেটারকে আমরা পাচ্ছি, সেসব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা ঠিক করেছি, যেহেতু দল ঘোষণার জন্য আরও কটা দিন পাওয়া যাচ্ছে, পিসিবির কাছ থেকে কয়েকজন ক্রিকেটারের ব্যাপারে চূড়ান্ত সাড়া পাওয়ার পরই দল ঘোষণা করা হবে।’ ওয়েবসাইট।