এখনো নিশ্চিন্ত নন ফ্যাব্রিগাস

বার্সেলোনা দুই দফা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। নতুন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোও জানিয়ে দিয়েছেন, ন্যু ক্যাম্পেই থাকছেন সেস ফ্যাব্রিগাস। সব মিলিয়ে ফুরফুরে মেজাজেই থাকার কথা স্প্যানিশ এই তারকা মিডফিল্ডারের। তবে নিজের ‘ভবিষ্যৎ নিয়ে নাকি এখনো দুশ্চিন্তা কাটেনি তাঁর।
ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মার্টিনোর সঙ্গে দেখা করবেন ফ্যাব্রিগাস। উদ্দেশ্য, বার্সার নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া।
২৬ বছর বয়সী ফ্যাব্রিগাসকে কিনতে মরিয়া ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ফ্যাব্রিগাসকে পেতে প্রথমে ২৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দেয় ক্লাবটি। বার্সা তাতে সম্মত না হওয়ায় প্রস্তাবটা ৩০ মিলিয়ন পাউন্ডে উন্নীত করে ইউনাইটেড। এই অর্থের বিনিময়েও ফ্যাব্রিগাসকে বিক্রি করতে সম্মত হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে এখনো আশা ছাড়েনি ইউনাইটেড। কোচ ডেভিড ময়েস গত সপ্তাহে জানিয়েছেন, ফ্যাব্রিগাসকে কেনার প্রক্রিয়াটা এখনো চলছে।
বার্সা অবশ্য ফ্যাব্রিগাসকে বিক্রি করতে আগ্রহী নয়। গত বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে নিজের প্রথম সংবাদ সম্মেলনে কোচ মার্টিনোও সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যাবিগ্রাস থাকছেন। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমি ক্লাবের আর্থিক বিষয়ে নিজেকে জড়াব না। তবে এই মধ্যে তারা দুইবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কাজেই আমি তৃতীয়বার সেটা করব। আমরা তাঁকে ধরে রাখতে চাইছি।’