এখনো নিশ্চিন্ত নন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের মাঝপর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। লিগ শিরোপা জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। কিন্তু তার পরও নিশ্চিন্ত হতে পারছেন না লিওনেল মেসি। সতীর্থরা যেন এখনই শিরোপা জয়ের উল্লাসে মেতে না ওঠেন, সেজন্য সবাইকে সতর্ক করে দিয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার।এবারের মৌসুমে স্প্যানিশ লিগের শুরুটা দারুণভাবে করেছে বার্সেলোনা। ১৮ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১৭টিতে। একমাত্র ম্যাচে ড্র করে দুই পয়েন্ট হারাতে হয়েছে কাতালানদের। অপরদিকে এবারের মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের। লিগের ১৮ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ১৬ পয়েন্টের ব্যবধানে। বরাবরের মতো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটিও হাতছাড়া হয়ে গেছে হোসে মরিনহোর শিষ্যদের। রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এ রকম পরিস্থিতিতেও রিয়াল মাদ্রিদের ভয় কাটছে না লিওনেল মেসির। এখনো কোনোকিছুই চূড়ান্ত হয়নি বলে মন্তব্য করেছেন সদ্য ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী এই স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘লা লিগায় এখনো কোনোকিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। কয়েক বছর আগে বেশ খানিকটা পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। এখনো আমরা তাদের উড়িয়ে দিতে পারি না। আমরা যেভাবে খেলছি, সেভাবেই আমাদের খেলে যেতে হবে। অবহেলা করার মতো ভুল মোটেই করা যাবে না।’— ইএসপিএন