এখনো ফুঁসছেন জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হূদয়ের আগুন জ্বলে রাবণের চিতাসম’। বেন জনসনের হয়েছে একই দশা। দুই যুগ হয়ে গেল সিউল অলিম্পিকের। যেখানে কেড়ে নেওয়া হয়েছিল বেন জনসনের সোনার পদক ও দ্রুততম মানবের খেতাব। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েই খুইয়েছিলেন সম্মান, নিক্ষিপ্ত হয়েছিলেন ইতিহাসের আস্তাকুঁড়ে। কিন্তু কানাডিয়ান সিপ্রন্টার এখনো মনে করেন অন্যায়ভাবেই কেড়ে নেওয়া হয়েছে তাঁর গৌরব। তাই এখনো ক্ষোভের আগুন ধিকিধিকি জনসনের অন্তরে। শিশুদের জন্য স্পোর্টস একাডেমি উদ্বোধন করার জন্য সিঙ্গাপুর এসেছেন বেন জনসন। সেখানেই উগরে দিয়েছেন যত ক্ষোভ। কেন তাঁর পদক কেড়ে নিয়ে সেটা দেওয়া হলো কার্ল লুইসকে সেই প্রশ্ন তুলেছেন। তবে ৫০ বছর বয়সী জনসনকে এখনো তাড়া করছে সেই ভূত। কুখ্যাতির কালিমাটি যে এখনো মোছেনি গা থেকে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলতে পারলেন না শিশুদের। সিঙ্গাপুরের চার-চারটি স্কুল প্রত্যাখ্যান করেছে শিশুদের উদ্দেশে তাঁর বক্তৃতা দেওয়ার প্রস্তাবটি। নগররাষ্ট্রটির দৈনিক স্ট্রেইটস টাইমস জানিয়েছে খবরটা।ওই পত্রিকার সঙ্গেই সিউল নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনসন, ‘কোচই আমাকে ওই জিনিসটা (স্টেরয়েড) দিয়েছিল। তাঁর কাছে এটাকে অবৈধ মনে হয়নি, কারণ ওই সময় সবাই তা-ই করত।’এর ফল কী হলো বললেন সেটাও, ‘ওরা শুধু আমাকেই নিষিদ্ধ করল। আমেরিকানরা কার্ল লুইসকে আগলে রাখল, কারণ তারা জানত অন্য কেউ বেন জনসনের সঙ্গে পেরে উঠবে না।’ অলিম্পিকের আগে লুইসের ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন জনসন। অসাবধানতার কারণেই এমনটা হয়েছে, লুইসের এমন ব্যাখ্যা মেনে নিয়ে তাঁকে অলিম্পিক দলে নেয় মার্কিন কর্তৃপক্ষ। ৯.৭৯ সেকেন্ডে ১০০ মিটার জেতে সেই সময়ের বিশ্ব রেকর্ড গড়েছিলেন জনসন। পরে তাঁর সোনাটি কেড়ে নিয়ে দেওয়া হয় লুইসকে। জনসনের এখনো মনে হয় এর পেছনে কাজ করেছে আর্থিক প্রণোদনা, ‘এটা তো ঠিক হলো না, আমি সোনা হারালাম আর কার্ল ওটা নিয়ে নিল। এখানে ন্যায়বিচারটা হলো কোথায়? একটা ভুল জায়গায় ভুল সময়ে ছিলাম বলেই মনে হয় সিউলে আমার ক্ষেত্রে ওটা ঘটেছে। কিছু কোম্পানির লাভ-ক্ষতির ব্যাপার জড়িত ছিল মনে হয়। তাই তারা আমাকে বেছে নিল।’জনসনের ব্যাখ্যা, ‘আমার মনে হয়, আর্থিক লাভের জন্য খেলাধুলায় অনেক কিছুই হয়ে থাকে। কারণ কিছু লোক ঠিকমতো টাকাপয়সা না পেলে গোপন কথা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’ এএফপি।