এখনো ফোরলান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ফোরলান
ডিয়েগো ফোরলান

সময়ের থাবা বড় নিষ্ঠুর৷ টগবগে, দুরন্ত কোনো ঘোড়াকেও কেমন নিস্তব্ধ করে দেয়৷ এই যেমন ডিয়েগো ফোরলান৷ গত বিশ্বকাপে ছিলেন প্রতিপক্ষের আতঙ্ক৷ টুর্নামেন্ট শেষে জায়গা পেয়েছিলেন ফিফার অল স্টার টিমে৷ আর এবার দলে জায়গা পাওয়াটাই অনিশ্চিত! কোচ অস্কার তাবারেজ অবশ্য প্রাথমিক দলে রেখেছেন তাঁকে৷ কিন্তু গত পরশু ৩৫ পূর্ণ করা ফরোয়ার্ড নিজেই বলছেন, ‘এটা স্রেফ প্রাথমিক দল৷ অনুশীলনে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগী হতে হবে৷’
অথচ চার বছর আগে প্রতিপক্ষের সব মনোযোগের কেন্দ্রে থাকতেন তিনি৷ কী দারুণ এক বিশ্বকাপই না কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায়! বলা যায়, ছাড়িয়ে গিয়েছিলেন স্বপ্নকেও৷ ম্যাচের পর ম্যাচ ফোরলানের অভাবনীয় পারফরম্যান্সেই উরুগুয়ের ফুটবল ফিরে গিয়েছিল সেই সোনালি দিনগুলোয়৷ গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ গোলের জয়ে করেছিলেন দুই গোল৷ শেষ আটে ঘানার বিপক্ষে পিছিয়ে পড়া দল সমতা ফিরিয়েছিল তাঁর গোলেই৷ পরে টাইব্রেকারেও গোল করে ৪০ বছর পর দলকে তুলে আনেন বিশ্বকাপের সেমিফাইনালে৷ ফাইনালে ওঠার লড়াইয়ে হল্যান্ডের বিপক্ষে আবার পিছিয়ে পড়া দলকে ফিরিয়েছিলেন সমতায়৷ তবে শেষ রক্ষা হয়নি, ৩-২ গোলে জিতে ফাইনালে ওঠে ডাচরা৷ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেবারিট জার্মানির বিপক্ষে অসাধারণ এক গোলে এগিয়ে দিয়েছিলেন দলকে৷ ডান পাশ থেকে ক্রস করেছিলেন আরেভালো রিওস, বক্সের ঠিক মাথা থেকে ফোরলানের ভলি৷ হতভম্ব জার্মান গোলকিপার তাকিয়ে দেখলেন বল জালে! জার্মানি অবশ্য পরে ওই গোল শোধ করে এগিয়েও যায়৷ ম্যাচের একদম শেষ মুহূর্তে ফ্রি-কিক পেয়েছিল উরুগুয়ে৷ ফোরলানের তীব্র গতির শট গোত্তা খায় ক্রসবারে৷ ৩-২ গোলে জিতে তৃতীয় হয় জার্মানি৷
ওই ম্যাচ হতাশায় শেষ হলেও ২০১০ বিশ্বকাপ দু হাত ভরেই দিয়েছে ফোরলানকে৷ জার্মানির বিপক্ষে ওই ভলির গোলটিকে ফিফা মনোনীত করেছিল বিশ্বকাপের সেরা গোল৷ ৫ গোল করে হয়েছিলেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা৷ সমান গোল করেও গোলে বেশি সহায়তা করে গোল্ডেন বুট জিতেছিলেন টমাস মুলার৷ তবে ফোরলান ঠিকই জিতে নিয়েছিলেন টুর্নামেন্ট সেরা ফুটবলারের খেতাব—গোল্ডেন বল৷ ৩১ পেরিয়েও ক্যারিয়ার যেন ছিল মধ্য গগনে৷
তখন খেলতেন অ্যাটলেটিকো মাদ্রিদে৷ বিশ্বকাপ শেষে গুঞ্জন উঠেছিল, রিয়াল মাদ্রিদসহ আরও বেশ কটি ক্লাব আগ্রহী তাঁকে পেতে৷ শেষ পর্যন্ত পরের বছর যোগ দেন ইন্টার মিলানে৷ সিরি আ অভিষেক রাঙিয়েিছলেন দারুণ এক গোলে৷ তবে ইতালিতে সময়টা ভালো কাটেনি খুব একটা৷ সময়ের সঙ্গে িববর্ণ হয়ে জায়গা হারান একাদশে৷ এক বছর পূর্ণ হওয়ার আগেই তাই ফিরে যান লাতিন আমেরিকায়, নাম লেখান ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালে৷ ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার মতো তেমন কিছু করতে পারেননি সেখানেও৷ এ বছর তাই জায়গা হয়েছে জাপানি ক্লাব সেরেজো ওসাকায়, খেলছেন জে লিগে৷
এবারের বিশ্বকাপের জন্য উরুগুয়ের প্রাথমিক দলে এশিয়ায় খেলা একমাত্র ফুটবলার তিনি৷ ২৫ জনের দলে যেহেতু রেখেছেন, চূড়ান্ত দলে জায়গাটা তাই বলা যায় একরকম নিশ্চিতই৷ সেরা সময়ের ফোরলানকে খুব কাছে থেকে দেখেছেন বলেই হয়তো সেরা সময়ের ‘কঙ্কাল’ এই ফোরলানে আস্থা রেখেছেন কোচ অস্কার তাবারেজ৷ গতি, রিফ্লেক্স কমে গেলেও স্কিলটা তো আছে! পুরোনো কিছু ঝলক দেখাতেই পারেন৷ পুরো সময় নিশ্চিতভাবেই খেলতে পারবেন না এখন৷ তবে তাবারেজের ‘সুপার সাব’ হয়ে গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য৷ গত আগস্টেই তো জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২ গোল করলেন৷ সোনার বল হয়তো এবার জিততে পারবেন না, তবে এই ফোরলান এবারও উপহার দিতে পারেন সোনালি কিছু মুহূর্ত৷