এখনো বাবা হননি মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বাবা হচ্ছেন। খবরটা পুরোনো। গত জুনে ব্যাপারটি স্বীকারও করেছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সর্বশেষ খবর, বাবা হয়েছেন মেসি। তবে মেসির গড়া দাতব্য সংস্থা দাবি করেছে, খবরটি সত্যি নয়।মেসির বান্ধবী আন্তনেলা রোকুজ্জোর সন্তান জন্ম দেওয়ার খবরটি প্রথমে প্রচার করে আর্জেন্টিনার একটি রেডিও স্টেশন। খবরটা শুনেই মেসিকে অভিনন্দন-বার্তা পাঠাতে থাকেন ভক্তরা। তবে খবরটি মিথ্যা দাবি করে মেসির দাতব্য সংস্থার ফেসবুক পেজে গতকাল জানানো হয়, ভক্তদের অভিনন্দন-বার্তা পেয়ে মেসি ও তাঁর পরিবার আনন্দিত। কিন্তু সত্যি হলো, লিওর বাবা হওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা।২০০৯ সাল থেকে একসঙ্গে আছেন মেসি ও তাঁর বান্ধবী আন্তনেলা রোকুজ্জো। একবার খবর ছড়িয়েছিল, ভ্যালেন্সিয়ার কাছে ইবিজা দ্বীপে গোপনে বিয়েটা সেরে ফেলেছেন দুজন। পরে দুই পরিবারই সেটা উড়িয়ে দিয়েছিল।গত এপ্রিলের মাঝামাঝিতে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে, রোকুজ্জো অন্তঃসত্ত্বা। খবরটি ছড়ায় মেসি-রোকুজ্জোর শহর রোজারিও থেকেই। একটি রেডিও স্টেশন থেকে প্রথম খবরটা শোনা যায়। বিভিন্ন গণমাধ্যম পরে খবরটি নিশ্চিত করে। মেসি বা রোকুজ্জো কেউই অবশ্য তখন মুখ খোলেননি। তবে দুজনের পরিবারের কাছে ইঙ্গিত পেয়েই নাকি নিশ্চিত হয় সংবাদমাধ্যম। প্রায় দুই মাস নীরব থাকার পর মুখ খোলেন মেসি। নিশ্চিত করেন, গুঞ্জনটা মিথ্যে নয়। সত্যিই বাবা হতে চলেছেন তিনি। কেবল বাবা হওয়ার খবর প্রকাশ নয়, সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটাও প্রকাশ করেছিলেন মেসি।ওলে ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেন, ‘সন্তানটা ছেলে হবে। এ নিয়ে আমরা কথা বলতে চাইনি। কারণ, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলিনি আমরা। কিন্তু বারবার আমাদের এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। আর এ কারণেই নিজেদের আনন্দটা সবার সঙ্গে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র: গোল ডটকম।