এই সময় তাদের থাকার কথা ছিল কলকাতায়। কিন্তু কাল বিকেলে ফুটবল ভবনের সামনের মাঠে ছবি তুলতে ব্যস্ত দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। সাফ ফুটবল খেলতে দিল্লি রওনা হওয়ার আগে পুরো দলের এটা ছিল সরকারি ফটোসেশন। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে গত ২৫ নভেম্বর কলকাতায় যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় কলকাতা সূচি বাতিল হয়ে গেছে আগেই। এখন সরাসরি দিল্লি যাওয়ার পরিকল্পনা ফুটবল দলের। কিন্তু কবে যাওয়া হবে সেটা নিয়েই এখন সংশয়।কাল পর্যন্ত ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা দেয়নি কোচ নিকোলা ইলিয়েভস্কি, গোলরক্ষণ কোচ শামসুজ্জামান ইউসুফ, মামুন খান, রেজাউল ও তৌহিদুল আলমের। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় জানিয়েছেন, ‘ভিসার জন্য আজ (গতকাল) পর্যন্ত অপেক্ষা করেছি। দু-এক দিনের মধ্যে ভিসা না পেলে সফরই বাতিল করে দিতে পারি।’ ভিসা পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু করেছে বাফুফে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাঁচজনের ভিসা দেওয়ার জন্য ভারতীয় দূতাবাসের কাছে সুপারিশ করবে।এখনো ভিসা না পাওয়ায় কোচ নিকোলা ইলিয়েভস্কি বেশ হতাশ। এতে কলকাতা সফরটা বাতিল হয়ে গেল। খেলা হলো না বাড়তি দুটি অনুশীলন ম্যাচ। মালয়েশিয়ায় একমাত্র প্রস্তুতি ম্যাচটা দারুণ কাজে লেগেছে, কলকাতায় খেলতে পারলে আরেকটু ভালো হতো। কিন্তু এ ব্যাপারে কিছুই বলতে চান না বাংলাদেশের কোচ।খেলোয়াড়েরা অবশ্য কলকাতার প্রস্তুতি ম্যাচ নিয়ে আর ভাবছেন না। গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য যেমন বললেন, ‘এখন এসব ভেবে লাভ নেই। যা হয়নি সেটা নিয়ে বসে না থেকে আমাদের আসল ম্যাচের দিকে মনোযোগী হতে হবে।’